বাসুদেবপুরে হরিনাম সংকীর্তনে জমজমাট আয়োজন! অসহায়দের হাতে পুজোর আগে শাড়ি-মশারি তুলে দিলেন সমাজসেবী আশীষ ধাওয়া
অষ্টম প্রহর ও নামযজ্ঞ ঘিরে কয়েক হাজার ভক্তের সমাগম, ধর্মীয় আলোচনা ও সেবামূলক কর্মসূচিতে মিলনমেলার চেহারা বাসুদেবপুরে। পূর…
বাসুদেবপুরে হরিনাম সংকীর্তনে জমজমাট আয়োজন! অসহায়দের হাতে পুজোর আগে শাড়ি-মশারি তুলে দিলেন সমাজসেবী আশীষ ধাওয়া
অষ্টম প্রহর ও নামযজ্ঞ ঘিরে কয়েক হাজার ভক্তের সমাগম, ধর্মীয় আলোচনা ও সেবামূলক কর্মসূচিতে মিলনমেলার চেহারা বাসুদেবপুরে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ নম্বর ব্লকের বাসুদেবপুরের সবুজ সংঘ ইভিনিং স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত হল ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান। হরিনাম সংকীর্তন, অষ্টম প্রহর ও নামযজ্ঞকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে গোটা এলাকা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী আশীষ ধাওয়া। পুজোর আগে এলাকার শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের হাতে শাড়ি ও মশারি তুলে দেন তিনি। তাঁর এই উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা যায় উৎসাহ ও আবেগ।
এদিন বালিঘাই জগন্নাথ জিউ সেবা সমিতির সম্পাদক আশীষ ধাওয়া উপস্থিত ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলেন, “মানুষের সেবা করার জন্য মন লাগে, ধন নয়। মানুষের সেবা করার মধ্যেই ঈশ্বরের আশীর্বাদ রয়েছে।” তাঁর বক্তব্যে মানবসেবা ও ধর্মীয় চেতনার বার্তা উঠে আসে।
পাশাপাশি, অনুষ্ঠানে হিন্দু ধর্মের তাৎপর্য ও গুরুত্ব নিয়েও বক্তব্য রাখেন আশীষ ধাওয়া। ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার প্রসঙ্গ তুলে তিনি রামায়ণ, মহাভারত, বেদ, উপনিষদ ও পুরাণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ধর্মীয় ভাবধারা, আধ্যাত্মিকতা এবং মানবসেবার গুরুত্ব নিয়ে তাঁর বক্তব্য শুনতে ভক্তদের মধ্যে ছিল বিশেষ আগ্রহ।
অষ্টম প্রহর হরিনাম সংকীর্তন ও নামযজ্ঞকে কেন্দ্র করে এদিন বাসুদেবপুরে কার্যত মিলনমেলার চেহারা নেয় গোটা এলাকা। কয়েক হাজার ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতিতে ধর্মীয় পরিবেশে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমন অধিকারী, বিশিষ্ট সমাজকর্মী শচিন সিনহা, গণেশ চন্দ্র মণ্ডল-সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তি। ধর্মীয় অনুষ্ঠান ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যেও ব্যাপক সাড়া দেখা যায়।

No comments