পৃথিবীর সবচেয়ে ধনী জায়গা — আশিস কুমার পণ্ডাযদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে, “পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ কোথায় আছে?”তুমি হয়তো বলবে — মধ্যপ্রাচ্যের তেলের খনি, আফ্রিকার সোনা-হিরের খনি, বা নিউ ইয়র্ক, লন্ডনের বড় বড় ব্যাঙ্কগুলোতে।কি…
পৃথিবীর সবচেয়ে ধনী জায়গা — আশিস কুমার পণ্ডা
যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে, “পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ কোথায় আছে?”
তুমি হয়তো বলবে — মধ্যপ্রাচ্যের তেলের খনি, আফ্রিকার সোনা-হিরের খনি, বা নিউ ইয়র্ক, লন্ডনের বড় বড় ব্যাঙ্কগুলোতে।
কিন্তু এর চেয়েও শক্তিশালী একটা উত্তর আছে।
পৃথিবীর সবচেয়ে ধনী জায়গা হলো শ্মশান আর কবরস্থান। তা সেখানকার জমির জন্যে নয়, সেখানে যা চিরতরে হারিয়ে গেছে তার জন্যে।
সেখানে পড়ে আছে—যে ধারণাগুলো কখনো বাস্তবে আসেনি। যে লক্ষ্যগুলো অধরা রয়ে গেছে। যে স্বপ্নগুলো ভুলে যাওয়া হয়েছে। যে কাজগুলো অসম্পূর্ণ রয়ে গেছে। যে বইগুলো কখনো লেখা হয়নি। যে ব্যবসাগুলো কখনো শুরুই হয়নি। যে গানগুলো কখনো গাওয়া হয়নি। যে আবিষ্কারগুলো কখনো তৈরিই হয়নি।
প্রতিটি কবর আর প্রতিটি মুঠো ছাই শুধু একটি জীবনের শেষ নয়। এগুলো সেই সব সম্ভাবনার চিহ্ন, যেগুলো কখনও বাঁচার সুযোগই পায়নি।
এমনটা কেন হয়?
প্রতিভার অভাবে নয়। বুদ্ধির অভাবে নয়। সময়ের অভাবেও নয়। বরং তাদের স্বপ্নগুলো বাস্তব হওয়ার আগেই চুরি হয়ে যায়।
প্রশ্ন হলো, কে চুরি করে?
আসল চোর হলো আমাদের কিছু অভ্যাস আর ভয়, যা চুপিচুপি আমাদের পিছনে টেনে রাখে।
১. গড়িমসি — মিষ্টি বিষ
আমরা ভাবি গড়িমসি সময়ের সমস্যা। আসলে তা নয়। এটা মনের সমস্যা। আমরা কাজ ফেলে রাখি কারণ কারণ অস্বস্তি, ভয় বা চাপের মুখোমুখি হতে চাই না। তাই বলি, "কাল করব।" কালটা পরের মাস হয়ে যায়, পরের মাসটা পরের বছর হয়ে যায়, আর একদিন জীবনটাই শেষ হয়ে যায়।
২. ভয় — অদৃশ্য জেলখানা
ব্যর্থ হওয়ার ভয়। লোকে কী বলবে সেই ভয়। হাসির পাত্র হওয়ার ভয়। কত স্বপ্ন যে শুধু একটা চিন্তার জন্য মারা গেছে—“যদি আমি ব্যর্থ হই?”
৩. অন্যের আশা পূরণ করার জন্যে বাঁচা
অনেক মানুষ সারাজীবন অন্যের মনের মতো মানুষ হওয়ার চেষ্টা করে কাটিয়ে দেন। তারা এমন সব কাজে অযথা খেটে মরেন যার কোন দরকারই ছিল না। জীবনের শেষে তারা টাকা না কামানোর জন্য আফসোস করেন না। তারা আফসোস করেন সেই স্বপ্নগুলোর জন্য, যেগুলো তারা পূরণ করতে পারেননি, আর সেই সম্পর্কগুলোর জন্য, যেগুলো তারা বাঁচিয়ে রাখতে পারেননি।
কিন্তু তোমার গল্পটা অন্যরকম হতে পারে। তোমার স্বপ্নগুলোকে শেষ ঠিকানায় নিয়ে না যাওয়ার কিছু উপায় রইল —
ক) তোমার স্বপ্নকে স্মার্ট বানাও — সুনির্দিষ্ট, অর্জন করা যায় এমন, বাস্তবসম্মত, সময়-বাঁধা।
খ) ব্যর্থতাকে বন্ধু বানাও।
আমাদের শেখানো হয় ব্যর্থতা খারাপ। কিন্তু ব্যর্থতা মানে তুমি চেষ্টা করেছ। প্রতিটি ব্যর্থতা নতুন কিছু শেখায়।
গ) লোকের প্রশংসার চেয়ে নিজের তৃপ্তিকে গুরুত্ব দাও।
"লোকে কী ভাববে?" — জিজ্ঞাসা করা বন্ধ করো। জিজ্ঞাসা করো, "এটা না করলে আমি কী আফসোস করব?" সমাজের চাপে নয়, নিজের মূল্যবোধ নিয়ে বাঁচো।
ঘ) এখনই কাজ শুরু করো — ২ মিনিটের নিয়ম।
যে কাজ ২ মিনিটে করা যায়, এখনই করে ফেলো। ব্যবসা শুরু করতে চাও? আজই একজনকে ফোন করো। লিখতে চাও? এখনই একটা অনুচ্ছেদ লেখো। একটা ছোট পদক্ষেপ নাও, কারণ ছোট পদক্ষেপই বড় যাত্রার শুরু।
শ্মশান আর কবরস্থান ইতিমধ্যেই অসংখ্য অপূর্ণ স্বপ্নে অনেক ধনী হয়ে আছে। তোমার স্বপ্নগুলোও সেখানে পাঠিয়ে তাদের আর ধনী কোর না।
সাহস নিয়ে বাঁচো। নিখুঁত না হলেও, প্রথম পাতাটা লিখে ফেল। কেউ না দেখলেও, প্রথম ভিডিওটা রেকর্ড করে ফেলো। ধীরে হলেও, নতুন দক্ষতা শিখতে শুরু করো। একটা ঘর থেকে হলেও, ছোট ব্যবসাটা শুরু করে দাও। পুরো সিঁড়িটা দেখা না গেলেও, প্রথম পদক্ষেপটা নাও।
মনে রেখো, পৃথিবীতে কল্পনার অভাব নেই। অভাব হলো সেই সব মানুষদের, যারা আইডিয়াকে কাজে পরিণত করেন, আর বাকিরা শুধু ভেবেই যান!
একদিন তোমার জীবনও একটা গল্প হয়ে যাবে। খেয়াল রেখো সেটা যেন "ইস, যদি করতাম" এর গল্প না হয়, বরং চেষ্টা, সাহস, শিক্ষা আর কাজের গল্প হয়।
তোমার স্বপ্নগুলোকে বাঁচার সুযোগ দাও। কারণ পৃথিবীর আরও বেশি সমাধিস্থ স্বপ্নের দরকার নেই। পৃথিবীর দরকার এমন মানুষের, যারা সাহস করে নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দেয়।

No comments