মহিষাদল রাজবাড়ির রথযাত্রা মেলার জন্য একটি গাইড ম্যাপ এবং হেল্পলাইন নম্বর প্রকাশআসন্ন রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা ও যাতায়াতের সুবিধার্থে মঙ্গলবার বিকেলে মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা প…
মহিষাদল রাজবাড়ির রথযাত্রা মেলার জন্য একটি গাইড ম্যাপ এবং হেল্পলাইন নম্বর প্রকাশ
আসন্ন রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা ও যাতায়াতের সুবিধার্থে মঙ্গলবার বিকেলে মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা পুলিশের উদ্যোগে ঐতিহ্যবাহী মহিষাদল রাজবাড়ির রথযাত্রা মেলার জন্য একটি গাইড ম্যাপ এবং হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা, মহিষাদল ব্লকের বিডিও জিষ্ণু দে, গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ দাস, মহিষাদল থানার আইসি-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রথযাত্রার দিন বিপুল ভিড় সামাল দিতে আগাম একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভক্তদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি লিমিটেডের গাদিয়াড়া ইউনিট গাদিয়াড়া-গেঁওখালি রুটে লঞ্চ পরিষেবার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই গাদিয়াড়া ও গেঁওখালি—দুটি জেটিঘাটে এ সংক্রান্ত নোটিশ টাঙানো হয়েছে।
সমিতি সূত্রে খবর, রথযাত্রার দিন গাদিয়াড়া থেকে গেঁওখালির শেষ লঞ্চ ছাড়বে রাত সাড়ে ৮টায় এবং গেঁওখালি থেকে গাদিয়াড়ার শেষ লঞ্চ ছাড়বে রাত ৯টায়। যাত্রীদের ভিড় বেশি হলে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত লঞ্চ চালানো হবে। তবে তার জন্য আলাদা কোনো নির্দিষ্ট সময়সূচি থাকবে না। অন্যদিকে, গাদিয়াড়া-নূরপুর রুটে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী লঞ্চ পরিষেবা চলবে।
প্রতি বছর মহিষাদল রাজবাড়ির ঐতিহ্যবাহী রথযাত্রায় অংশ নিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক মানুষের সমাগম হয়। পাশাপাশি হাওড়া জেলার শ্যামপুর-সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকেও বহু মানুষ নদীপথে গেঁওখালি হয়ে রথ দেখতে আসেন। ফলে লঞ্চ পরিষেবার সময় বৃদ্ধি করায় খুশি সাধারণ মানুষ।
মহিষাদল ব্লকের বিডিও জিষ্ণু দে জানান, রথযাত্রা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে ভিড় নিয়ন্ত্রণের জন্য একটি গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে। মেলা প্রাঙ্গণ ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সেই ম্যাপ টাঙানো থাকবে। এছাড়াও সাধারণ মানুষের সুবিধার্থে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। কোনো সমস্যা বা জরুরি প্রয়োজনে ৭৫৮৩৯৪৩১০০ নম্বরে যোগাযোগ করার আবেদন জানিয়েছে প্রশাসন।
No comments