Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সাধারণ বুদ্ধি (বাস্তববোধ, Common Sense) — আজ কেন এত অসাধারণ? — আশিস কুমার পণ্ডা

সাধারণ বুদ্ধি (বাস্তববোধ, Common Sense) — আজ কেন এত অসাধারণ? — আশিস কুমার পণ্ডা
একবার এক নামী গাড়ি প্রস্তুতকারী সংস্থা নতুন এক মডেলের গাড়ি বাজারে আনার প্রকল্প নিয়েছিল। এক তরুণ ইঞ্জিনিয়ার কয়েক মাস ধরে দিন-রাত এক করে গাড়িটি বানিয়ে ফ…

 




সাধারণ বুদ্ধি (বাস্তববোধ, Common Sense) — আজ কেন এত অসাধারণ? — আশিস কুমার পণ্ডা


একবার এক নামী গাড়ি প্রস্তুতকারী সংস্থা নতুন এক মডেলের গাড়ি বাজারে আনার প্রকল্প নিয়েছিল। এক তরুণ ইঞ্জিনিয়ার কয়েক মাস ধরে দিন-রাত এক করে গাড়িটি বানিয়ে ফেললো—চমৎকার ডিজাইন, আধুনিক গঠন, নজর-কাড়া চেহারা। উদ্বোধনের দিন গাড়িটিকে সুন্দরভাবে সাজানো হলো। শুভমুহূর্তে, একজন অভিজ্ঞ চালক গাড়ির স্টিয়ারিংয়ে বসলেন। জনতার হাততালির মধ্যে গাড়িটি ধীরে ধীরে ওয়ার্কশপের গেটের দিকে এগিয়ে চললো। কিন্তু হঠাৎই গেটের সামনে গাড়িটিকে থামিয়ে দেওয়া হলো — দেখা গেল, গাড়িটি গেটের চেয়ে একটুখানি উঁচু! উত্সাহী ভিড় মুহূর্তে একেবারে নিস্তব্ধ হয়ে গেল। তরুণ ইঞ্জিনিয়ারের মুখ ফ্যাকাসে হয়ে গেল, লজ্জা আর আতঙ্কে সে যেন পাথর হয়ে দাঁড়িয়ে রইলো। কয়েকজন ঊর্ধ্বতন  বিশেষজ্ঞ এগিয়ে এলেন, নিজেদের মধ্যে চুপিচুপি পরামর্শ শুরু করলেন। কেউ বললেন, “গেটের খানিকটা ভেঙে দিলে গাড়ি বেরিয়ে যাবে।” আরেকজন বললেন, “চাকাগুলো খুলে দিলে, গাড়ির বডিটাকে অনায়াসে বের করে দেওয়া যাবে।” সিইওর মুখ গম্ভীর। এই দুই প্রস্তাবের কোনটাই তাঁর পছন্দ হলো না।

ঠিক তখনই গেটের প্রহরী, যিনি চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন, ধীরে এগিয়ে এসে নম্রভাবে বললেন, “স্যার, যদি টায়ারগুলি থেকে একটু করে হাওয়া বের করে দেওয়া যায়, তাহলে গাড়ির উচ্চতা কমে যাবে আর  সহজেই গেট পেরিয়ে যেতে পারবে।”

সবাই অবাক! সিইও তাঁর প্রস্তাবের প্রশংসা করলেন। কয়েক মুহূর্তের মধ্যেই সমস্যার সমাধান। আর সেটা এল কোন বিশেষজ্ঞের কাছ থেকে নয়—একজন সাধারণ মানুষের কাছ থেকে, যিনি শুধু ব্যবহার করলেন নিজের সাধারণ বুদ্ধি।

সাধারণ বুদ্ধি বলতে কী বোঝায়?

‘সাধারণ বুদ্ধি’ বা Common Sense মানে হলো— বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে সঠিকভাবে ভাবা, বোঝা, আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। অনেক উঁচু বুদ্ধিমত্তা (IQ), বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বা বিশেষজ্ঞের জ্ঞানের সঙ্গে এর তেমন সম্পর্ক নেই—এটা আসলে বাস্তব জ্ঞান—যে কোন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।

যা ‘সাধারণ’ হওয়ার কথা, তা এত ‘অসাধারণ’ কেন?

বেশিরভাগ মানুষই ভাবে, তাদের সাধারণ বুদ্ধি আছে; কিন্তু বাস্তবে দেখা যায়, এই ‘সহজ জ্ঞান’ই সবচেয়ে বিরল জিনিস। প্রতিদিনের অসংখ্য ভুল, অবিবেচনাপ্রসূত আচরণ, কিংবা অকারণে তৈরি হওয়া সংকট—সবই জন্ম নেয় সাধারণ বুদ্ধির অভাবে। কেন এই গুণটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, তার কিছু কারণ দেখা যাক —

স্কুলে শেখানো হয় ভালো নম্বর পাওয়ার কৌশল, মনোযোগ বা আত্মচিন্তার সময় নেই। অফিসে কাজের চাপ, সময়ের টার্গেট—ভাবার ফুরসত নেই।

আমরা এতটাই ‘বিশেষজ্ঞ’-নির্ভর হয়ে গেছি যে, নিজের ভাবার ক্ষমতা দুর্বল হয়ে যাচ্ছে।

 অহংকার, রাগ বা ভয়—এই আবেগগুলো অনেক সময় যুক্তিকে ছাপিয়ে যায়।

 অনুসরণ করাই নিরাপদ মনে হয়, তাই ভিন্নভাবে ভাবার সাহস হারিয়ে যায়।

ডিজিটাল গ্যাজেটের তথ্যের বন্যায় মনোযোগ ও ধৈর্য নষ্ট হচ্ছে।  

 সাধারণ বুদ্ধি কীভাবে বাড়ানো যায়?

সাধারণ বুদ্ধি জন্মগত নয়— এটা এক ধরনের অভ্যাস, যা চর্চা আর অভিজ্ঞতার মাধ্যমে গড়ে তোলা যায়। কিছু সহজ উপায়—

 চোখ – কান খোলা রাখ। ছোট ছোট বিষয়েও বড় শিক্ষা লুকিয়ে থাকে।

অভিজ্ঞতা থেকে শেখো: ভুল করলেও ভুল থেকে শিক্ষা নাও।

প্রশ্ন করো। সবাই মানছে বলে সেটাই সত্যি নয়। নিজে ভাবো, যাচাই করো।

বাস্তবভাবে ভাবো: সবসময় নিজেকে জিজ্ঞাসা করো— “এটা বাস্তবে সত্যিই কাজ করবে তো?”

শেষ কথা

আজকের এই তথ্যভর্তি দুনিয়ায়, হাজারো মতামত আর কোলাহলের মাঝে সাধারণ বুদ্ধি আমাদের মনে করিয়ে দেয়— সত্যিকারের জ্ঞান মানে সবকিছু জানা নয়— বরং কোনটা সত্যিই গুরুত্বপূর্ণ, তা বুঝে শান্তভাবে কাজ করা।

তাই, জীবনের “গাড়ি” যখন কোন “গেট”-এ আটকে যাবে, তখন তাড়াহুড়ো করে বিশেষজ্ঞ বা জটিল তত্ত্বের খোঁজে যেও না। হয়তো দরকার শুধু একটু “হাওয়া” ছেড়ে দেওয়া — তোমার জ্ঞানের অহংকার, অস্থিরতা আর অতি ভাবনা থেকে মুক্তি পাওয়া। একটু থামো, চারপাশ দেখো, শান্ত মনে ভাবো, আর মন খুলে সিদ্ধান্ত নাও। অনেক সময় বড় সমাধান অতিবুদ্ধি থেকে আসে না— বরং আসে ভারসাম্য, নম্রতা, আর একটুখানি সাধারণ বুদ্ধি থেকে।

No comments