ঘাটাল মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজ এখনো শুরু না হওয়ায় ক্ষোভসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: ওই কাজের শ্বেতপত্র নভেম্বর মাসেই প্রকাশ করে কাজ শুরু ও সাহেবঘাটে অবিলম্বে কংক্রিটের ব্রীজ নির্মাণ সহ ১০ দফা দাবীতে ঘাটাল মহকুম…
ঘাটাল মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজ এখনো শুরু না হওয়ায় ক্ষোভ
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: ওই কাজের শ্বেতপত্র নভেম্বর মাসেই প্রকাশ করে কাজ শুরু ও সাহেবঘাটে অবিলম্বে কংক্রিটের ব্রীজ নির্মাণ সহ ১০ দফা দাবীতে ঘাটাল মহকুমা শাসক দপ্তরে স্মারকলিপি।
২৫ শে নভেম্বর ঘাটালে গনঅবস্থানের ডাক পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজের শ্বেতপত্র নভেম্বর মাসেই প্রকাশ করে দ্রুত কাজ শুরু,সাহেবঘাটে অবিলম্বে কংক্রিটের ব্রীজ নির্মাণ এবং যতদিন তা না হচ্ছে ততদিন ওই স্থানে সরকারী উদ্যোগে কাঠের ব্রীজ নির্মাণ করে বিনামূল্যে পারাপারের বন্দোবস্ত সহ ১০ দফা দাবীতে আজ ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি ও সাহেবঘাট ব্রীজ নির্মাণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে ঘাটাল মহকুমা শাসক ও সেচ দপ্তরের এসডিও 'র নিকট ডেপুটেশন ও স্মারকলিপি পেশ করা হয়। প্রতিনিধিদলে ছিলেন মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশীষ মাইতি,সাহেবঘাট ব্রীজ নির্মাণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক কানাই লাল পাখিরা ও ঝাড়েশ্বর মাজী, সহ সম্পাদক প্রশান্ত মাজী ও অরূপ প্রামাণিক প্রমুখ। মহকুমা শাসক অনন্য জানা,সেচ দপ্তরের এসডিও'র পক্ষে ঘাটালের জুনিয়র ইঞ্জিনিয়ার স্মারকলিপি গ্রহণ করেন।
সেচ দপ্তর সূত্রে জানা গেছে,পূর্বের সরকারের আমলে খাল ও নদী সংস্কারের ক্ষেত্রে নেওয়া নো কস্ট পদ্ধতিতেই নদী ও খাল সংস্কার করা হবে। তবে ওই পদ্ধতির কিছু নিয়ম পরিবর্তন করা হবে। যার মধ্যে রয়েছে মাটির ক্ষেত্রে ভলিউম শেয়ারের জায়গায় রেভিনিউ শেয়ারে কাজ হবে। ইতিমধ্যে ১৮ টি নদী ও খাল সংস্কারের ১৭ টি কাজের ওয়ার্ক অর্ডার বাতিল করা হয়েছে। ১ টিতে কোর্ট কেস চলছে।
প্রশাসন সূত্রে জানা গেছে,সমগ্র প্রকল্পে ৪৮ টি কাজ ধরা হয়েছিল,যার মধ্যে ২৭ টি কাজের ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। ২২ টি কাজ বর্তমানে চলছে। ৫ টি কাজ শেষ হয়েছে। ২১ টি কাজের রি-টেন্ডার করা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য,কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অর্থে দুই মেদিনীপুর জেলার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার এবং কেন্দ্র ও রাজ্য মিলে ১২০০ কোটি টাকা বরাদ্দ করেছে।
কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করে বলেন,বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ অনেক আন্দোলন,আবেদন,নিবেদন ইত্যাদির মধ্য দিয়ে অবশেষে 'নো কস্ট' পদ্ধতিতে শিলাবতী,পলাসপাই নদী সংস্কারের কাজ কিছু ক্ষেত্রে শুরু হয়েছিল। কিন্তু শিলাবতী নদীর নিম্নাংশ সংস্কারের ওয়ার্ক অর্ডার গত ২০২৫ সালের ডিসেম্বর মাসে দেওয়ার পর ১০ মাস অতিক্রান্ত হলেও ৫০০ মিটার অংশ পূর্ণাঙ্গ সংস্কার হয়নি। শুধু তাই নয়,মাস্টার প্ল্যানের অন্তর্গত অন্যান্য কাজগুলিরও অবস্থা প্রায় একই রকম। ফলস্বরূপ চলতি বছরের গত বর্ষায় ঘাটাল মহকুমার একাংশের অধিবাসীদের তিনবার বন্যা কবলিত হতে হয়েছে।
নারায়ণবাবু আরো বলেন,আমরা বীরসিংহে মুখ্যমন্ত্রীর ভাষণ থেকে জানতে পারলাম, রাজ্য সরকার ঘোষিত ঘাটাল মাস্টার প্ল্যানের সামগ্রিক কাজ দু বছরের মধ্যেই শেষ করা হবে। সেজন্যে ওই কাজের পূর্ণাঙ্গ পরিকল্পনার শ্বেতপত্র নভেম্বর মাসেই প্রকাশ করে এ মাসেই উক্ত প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু সহ ঐ সম্পর্কিত নিম্নোক্ত কয়েকটি প্রস্তাব অবিলম্বে কার্যকরী করার জন্য আজকের এই স্মারকলিপি মারফত আমরা ঘাটাল মহকুমা প্রশাসনের কাছে ডেপুটেশনের মাধ্যমে তুলে ধরলাম। ওই দাবীতে আগামী ২৫ শে নভেম্বর ঘাটালে গনঅবস্থানের ডাক দেওয়া হয়েছে।

No comments