Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ছদ্মবেশে আশীর্বাদ— আশিস কুমার পন্ডা

ছদ্মবেশে আশীর্বাদ— আশিস কুমার পন্ডা
এক সন্ধ্যায় এক মা ভীষণ অস্থির। মাথায় হাজারো চিন্তা — ট্যাক্স জমা দেওয়া বাকি, বাড়িটা অগোছালো হয়ে আছে, পরিষ্কার করতে হবে, আর কাল বাড়িতে এক পারিবারিক অনুষ্ঠান রয়েছে। কোন কিছুই ঠিকঠাক চলছে না…

 




ছদ্মবেশে আশীর্বাদ— আশিস কুমার পন্ডা


এক সন্ধ্যায় এক মা ভীষণ অস্থির। মাথায় হাজারো চিন্তা — ট্যাক্স জমা দেওয়া বাকি, বাড়িটা অগোছালো হয়ে আছে, পরিষ্কার করতে হবে, আর কাল বাড়িতে এক পারিবারিক অনুষ্ঠান রয়েছে। কোন কিছুই ঠিকঠাক চলছে না।

পাশের ঘরে তাঁর ছোট্ট মেয়ে পিউ। চুপচাপ, গভীর মনোযোগে কিছু লিখে চলেছে। মেয়ের এমন মনোযোগ দেখে মা অবাক হলেন। কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, “পিউ, এত মন দিয়ে কী করছো?”

মাথা না তুলেই পিউ বলল, “মা, হোমওয়ার্ক করছি।”

“কীসের হোমওয়ার্ক?”

“আজ দিদিমণি একটা হোমওয়ার্ক দিয়েছেন। যেসব জিনিস আমাদের ভালো লাগে না, কিন্তু তবুও তার জন্য আমরা কৃতজ্ঞ, সেগুলো নিয়ে লিখতে বলেছেন।”

মা হেসে বললেন, “ভালো লাগে না, তবুও তার জন্য কৃতজ্ঞ! ভারী অদ্ভুত তো! দেখি কী লিখেছ?”

পিউয়ের খাতায় লেখা ছিল —

আমি আমার ফাইনাল পরীক্ষার জন্য কৃতজ্ঞ, কারণ পরীক্ষা শেষ হলেই গরমের ছুটি শুরু হবে।

আমি তেতো ওষুধের জন্য কৃতজ্ঞ, কারণ ওটা খেলেই আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব।

মায়ের বকুনির জন্য আমি কৃতজ্ঞ, কারণ এর মানে মা আমাকে ভালোবাসেন আর আমাকে আরও ভালো মানুষ করতে চান।

মা চুপ করে গেলেন। ছোট্ট মেয়ের লেখা তিনটে লাইন তাঁকে জীবনের এক বিরাট শিক্ষা দিয়ে গেল।

তিনি আস্তে আস্তে নিজের ঘরে ফিরে এলেন। নিজের ডায়েরিটা খুলে লিখতে শুরু করলেন —

আমি কৃতজ্ঞ যে আমাকে ট্যাক্স দিতে হয়, কারণ এর মানে আমার একটা উপার্জন আছে।

আমি কৃতজ্ঞ যে আমার বাড়িটা অগোছালো, কারণ এর মানে আমার একটা বাড়ি আছে, যেখানে আমার পরিবার আনন্দে থাকে।

আমি কৃতজ্ঞ যে কালকের অনুষ্ঠানের জন্য এত কাজ করতে হচ্ছে, কারণ এর মানে আমার জীবনে এমন কিছু প্রিয় মানুষ আছে, যারা আমাকে ভালোবাসেন।

লিখতে লিখতে তাঁর সমস্ত চাপ, সমস্ত অস্থিরতা ধীরে ধীরে কৃতজ্ঞতায় বদলে গেল।

ট্যাক্স তখনও বাকি। ঘর তখনও অগোছালো। অনুষ্ঠানের প্রস্তুতিও তখনও বাকি। বাইরে কিছুই বদলায়নি। বদলে গেছে শুধু তাঁর ভেতরটা — তাঁর দেখার চোখ।

আসলে জীবনে এমন অনেক কিছুই আসে, যাকে আমরা বোঝা বা সমস্যা বলে মনে হয়। কিন্তু একটু গভীরভাবে তাকালে দেখব, আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদগুলোই অনেক সময় সমস্যার ছদ্মবেশে আসে।

এর মানে এই নয় যে আমরা কষ্টকে অস্বীকার করব। এর মানে হলো, কষ্টের আড়ালে লুকিয়ে থাকা আশীর্বাদকে খুঁজে নেওয়ার চেষ্টা করব।

কৃতজ্ঞতা মানে শুধু যা পেয়েছি তার জন্য ধন্যবাদ জানানো নয়। কৃতজ্ঞতা মানে, যা হারিয়েছি তার মধ্যেও একটা অর্থ খুঁজে পাওয়া। কারণ অনেক সময় একটা কিছু হারানোই, নতুন কিছুর জন্য জায়গা করে দেয়।

No comments