পাঁচশো বছরের ঐতিহ্য! শেষ মুহূর্তের প্রস্তুতি পঁচেটগড় রাজবাড়ির রাস উৎসব ঘিরে
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ নম্বর ব্লকের ঐতিহ্যবাহী পঁচেটগড় রাজবাড়ির পাঁচশো বছরের প্রাচীন রাস উৎসবকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী ২৪ ন…
পাঁচশো বছরের ঐতিহ্য! শেষ মুহূর্তের প্রস্তুতি পঁচেটগড় রাজবাড়ির রাস উৎসব ঘিরে
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ নম্বর ব্লকের ঐতিহ্যবাহী পঁচেটগড় রাজবাড়ির পাঁচশো বছরের প্রাচীন রাস উৎসবকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী ২৪ নভেম্বর পূর্ণিমার পূর্ণ তিথিতে শুরু হতে চলেছে এই ঐতিহ্যবাহী রাস উৎসব। উৎসবের শুভ সূচনা হবে রাস পূর্ণিমার পুণ্যলগ্নে। আগামী শনিবার অনুষ্ঠিত হবে দধিমঙ্গল উৎসব। রাস উৎসবকে কেন্দ্র করে বসবে ঐতিহ্যবাহী মেলা, যা চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত।
পঁচেটগড় রাজবাড়ির কুলদেবতা কিশোরায় জিউকে কেন্দ্র করেই এই রাস উৎসবের আয়োজন। দীর্ঘ পাঁচশো বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই উৎসব আজও এলাকার মানুষের কাছে এক বিশেষ আবেগ ও ঐতিহ্যের প্রতীক। উৎসবের অন্যতম আকর্ষণ হলো রাজবাড়ির প্রায় ৪০টি বিগ্রহ। রাধাকৃষ্ণের এই বিগ্রহগুলি সোনার অলঙ্কারে সুসজ্জিত করা হয়। এরপর রাজবাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিগ্রহগুলিকে নিয়ে আসা হয় রাসমঞ্চে। সেখানে ধর্মীয় রীতিনীতি মেনে শুরু হয় পুজো ও রাস উৎসবের বিভিন্ন পর্ব।
পাঁচশো বছরের প্রাচীন এই ঐতিহ্যকে ঘিরে ইতিমধ্যেই সাজিয়ে তোলা হচ্ছে রাজবাড়ি ও রাসমঞ্চ চত্বর। মেলা উপলক্ষে চলছে আলোকসজ্জা, সাজসজ্জা এবং অন্যান্য প্রস্তুতি। রাস উৎসব ও মেলাকে কেন্দ্র করে প্রতি বছরই দূরদূরান্ত থেকে বহু ভক্ত, দর্শনার্থী ও সাধারণ মানুষের সমাগম ঘটে। এবছরও ঐতিহ্যবাহী এই উৎসবকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে। পাঁচশো বছরের ইতিহাস, ধর্মীয় ভাবাবেগ এবং প্রাচীন রাজপরম্পরার মেলবন্ধনে ফের একবার উৎসবমুখর হয়ে উঠতে চলেছে পঁচেটগড় রাজবাড়ি।
No comments