Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিনামূল্যের আসল দাম— আশিস কুমার পণ্ডা

বিনামূল্যের আসল দাম— আশিস কুমার পণ্ডা
একবার একটি চিড়িয়াখানায় দর্শকের সংখ্যা খুব কমে গেল। লোকে বলত, টিকিটের দাম খুব বেশি। মালিক টিকিটের দাম কমালেন। তবুও লোক এল না। তিনি আবার দাম কমালেন। কিন্তু চিড়িয়াখানার দরজা প্রায় ফাঁকাই রয…

 



বিনামূল্যের আসল দাম— আশিস কুমার পণ্ডা


একবার একটি চিড়িয়াখানায় দর্শকের সংখ্যা খুব কমে গেল। লোকে বলত, টিকিটের দাম খুব বেশি। মালিক টিকিটের দাম কমালেন। তবুও লোক এল না। তিনি আবার দাম কমালেন। কিন্তু চিড়িয়াখানার দরজা প্রায় ফাঁকাই রয়ে গেল। শেষে তিনি এক লোভনীয় অফার দিলেন: “এন্ট্রি ফ্রি। আর প্রত্যেকের জন্য এক স্কুপ আইসক্রিমও ফ্রি।”

পরের দিন সকালে চিড়িয়াখানায় ভিড় উপচে পড়ল। বাচ্চারা আনন্দে হাসতে লাগলো, পরিবারগুলি ছবি তুলতে লাগলো, গেটের বাইরে লম্বা লাইন। প্রবেশদ্বারের সামনে লম্বা লাইন পড়ে গেল। সবাই ‘ফ্রি’ জিনিস ভালোবাসে, আর ‘ফ্রি’ শব্দের থেকে আকর্ষণীয় কিছু হয় না।

কিন্তু হঠাৎ এমন একটি ঘটনা ঘটল, যা কেউ কল্পনাও করেননি। মালিক চিড়িয়াখানার গেট বন্ধ করে দিলেন এবং একটি সিংহকে খাঁচা থেকে ছেড়ে দিলেন। মুহূর্তের মধ্যে সবকিছু বদলে গেল। কিছুক্ষণ আগেও যারা ভেতরে ঢোকার জন্য ব্যস্ত ছিলেন, তারাই এখন প্রাণপণে বাইরে বেরিয়ে আসতে চাইলেন। কিন্তু বেরোনোর একমাত্র দরজায় অপেক্ষা করছিল আরও বড় চমক—এবার দিতে হবে চড়া প্রস্থান মূল্য! যে আনন্দভ্রমণ শুরু হয়েছিল বিনামূল্যে, শেষ পর্যন্ত সেই ভ্রমণই পরিণত হলো চিড়িয়াখানার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল অভিজ্ঞতায়।

গল্পটি কাল্পনিক, কিন্তু এর শিক্ষা একদম সত্যি।

পৃথিবীতে সত্যিকারের বিনামূল্যে কিছু পাওয়া যায় না। ইঁদুর ধরার ফাঁদে রাখা পনির দেখতে বিনামূল্যের খাবার মনে হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই পনিরের মূল্য ইঁদুরকে নিজের জীবন দিয়ে দিতে হয়।

আজকের দিনে অনেক ‘বিনামূল্যের’ ডিজিটাল পরিষেবাও একইভাবে কাজ করে। ই-মেল, সামাজিক মাধ্যম, বিনোদন, বিভিন্ন অ্যাপ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) নানা সরঞ্জাম—সবই বিনামূল্যে। উপহারটা চোখের সামনে, কিন্তু দামটা অদৃশ্য। এগুলির উপকারিতা নিয়ে কোনও সন্দেহ নেই। এগুলি আমাদের অনেক কাজে সাহায্য করে। কিন্তু আসল প্রশ্ন হলো, এর বিনিময়ে আমরা নীরবে কী মূল্য দিচ্ছি? কারণ, প্রতিটি বিনামূল্যের পরিষেবার পিছনেই কোনও না কোনও ব্যবসায়িক উদ্দেশ্য থাকে।

বিনামূল্যের সামাজিক মাধ্যম প্রায়ই আমাদের মনোযোগ কেড়ে নেয়।

বিনামূল্যের বিনোদন আমাদের মূল্যবান সময় নষ্ট করতে পারে।

বিনামূল্যের ডিজিটাল প্ল্যাটফর্ম আমাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে।

আর ক্রমশ বাড়তে থাকা বিনামূল্যের AI পরিষেবা আমাদের আরও দামি একটা জিনিস কেড়ে নিতে পারে — নিজে চিন্তা করার অভ্যাস।

প্রযুক্তি নিজে বিপজ্জনক নয়। প্রযুক্তি মানবজাতির সবচেয়ে বড় আবিষ্কারগুলির একটি। এটি মহাদেশকে জুড়েছে, পড়াশোনাকে দ্রুত করেছে, চিকিৎসাকে উন্নত করেছে, আর এমন সব সুযোগ তৈরি করেছে যা আগের প্রজন্ম ভাবতেও পারেনি। বিপদ তখনই আসে, যখন আমরা কোনও যন্ত্র বা প্রযুক্তির ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ি যে, যে কাজটি নিজেরা করতে পারতাম, সেই দক্ষতাটুকুও হারাতে শুরু করি।

ক্যালকুলেটর আমাদের হিসাব করতে সাহায্য করে, কিন্তু গণিতের মূল বিষয়গুলি বোঝাও জরুরি।

GPS আমাদের পথ দেখায়, কিন্তু তাই বলে আমরা যেন পথ চেনার ক্ষমতাটা পুরোপুরি হারিয়ে না ফেলি।

AI অনেক কঠিন কাজ সহজ করে দিতে পারে, কিন্তু আমরা যেন প্রশ্ন করার, বিশ্লেষণ করার, কল্পনা করার এবং নতুন কিছু তৈরির ক্ষমতাটা ছেড়ে না দিই।

প্রযুক্তি আমাদের উত্তর দিতে পারে, কাজের গতি বাড়াতে পারে এবং বিপুল তথ্য বিশ্লেষণ করতে পারে। কিন্তু মানুষের প্রজ্ঞা, সঠিক বিচারবুদ্ধি এবং চরিত্রের বিকল্প হতে পারে না।

আমাদের সবচেয়ে বড় শক্তি শুধু তথ্য পাওয়া নয়, বরং সেই তথ্য বিচার করে সঠিক সিদ্ধান্ত নেওয়া। ভবিষ্যতে তারাই এগিয়ে থাকবে, যারা প্রযুক্তিকে বুদ্ধিমানের মতো ব্যবহার করবে, কিন্তু নিজের চিন্তা, বিচারবুদ্ধি ও মানবিক গুণগুলি ধরে রাখবে।

তাই পরের বার কিছু বিনামূল্যে পাওয়ার প্রস্তাব এলে একটু থামুন। ভাবুন, এর বিনিময়ে আপনাকে কী দিতে হচ্ছে। আপনি কি প্রযুক্তিকে ব্যবহার করছেন, নাকি প্রযুক্তিই নীরবে আপনার মনোযোগ ও সিদ্ধান্তকে প্রভাবিত করছে?

বিনামূল্যের পনির নেওয়ার আগে ফাঁদটি ভালো করে দেখে নিন।

প্রযুক্তিকে পুনরাবৃত্তিমূলক কাজ করতে দিন, কিন্তু নিজের কৌতূহল, বিচারবুদ্ধি ও চিন্তা করার ক্ষমতা কখনও তার হাতে পুরোপুরি তুলে দেবেন না।

No comments