সাম্প্রতিক অতিবর্ষনে পূর্ব মেদিনীপুর জেলায় জলবন্দী পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ১২ দফা দাবীতে সেচমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: সাম্প্রতিক অতিবর্ষনে পূর্ব মেদিনীপুর জেলায় জলবন্দী পরিস্থিতির পরিপ্রেক…
সাম্প্রতিক অতিবর্ষনে পূর্ব মেদিনীপুর জেলায় জলবন্দী পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ১২ দফা দাবীতে সেচমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: সাম্প্রতিক অতিবর্ষনে পূর্ব মেদিনীপুর জেলায় জলবন্দী পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজ পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে কলকাতার জলসম্পদ ভবনে ১২ দফা দাবীতে সেচমন্ত্রী অরূপ দাসের নিকট স্মারকলিপি পেশ করা হয়। প্রতিনিধিদলে ছিলেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, নিবাস মানিক, প্রশান্ত সামন্ত প্রমূখ।
নারায়নবাবু বলেন, ঘূর্ণিঝড় অর্ণব এর পরিপ্রেক্ষিতে নিম্নচাপজনিত অবিরাম বর্ষণে পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি ব্লক এলাকার বিস্তীর্ণ অংশ ফের জলবন্দী হয়েছে। অথচ এই ব্লকগুলির খুব কাছাকাছিই বিভিন্ন নদী রয়েছে। গত আগস্ট মাসে নিম্নচাপজনিত পরিস্থিতিতে এ বছর সেই অর্থে পূর্ব মেদিনীপুর জেলার কোথাও নদী বাঁধ না ভাঙলেও জেলার বিভিন্ন ব্লকগুলিতে ভয়াবহ জলবন্দী পরিস্থিতি তৈরি হয়েছে। ব্লকগুলির বিভিন্ন এলাকার নিকাশী জল যে নাসা ও মূল খাল হয়ে নদীতে বের হয়,দীর্ঘদিন ধরে সেই খালগুলি মজে থাকার কারণে এই বিপত্তি। পূর্বতন সরকারের আমলে ওই মূল খালগুলি "নো কস্ট" পদ্ধতিতে সংস্কারের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। বাস্তবে ওই পদ্ধতিতে কাজ করার কারণে বেশিরভাগ খাল ও নদী সংস্কারের কোন গতি ছিল না বললেই চলে। অন্যদিকে কেলেঘাই নদী ও বিভিন্ন নিকাশী খালের ভেতরে অবৈধ নির্মাণ-বেআইনি ইটভাটা-মাছের ভেড়ি থাকার কারণে এই সমস্যা প্রকট হয়েছে। ফলস্বরূপ জেলার বিরাট অংশে এই ভয়াবহ সমস্যার মধ্যে পড়তে হল লক্ষ লক্ষ বাসিন্দাদের।
এমতাবস্থায় উপরোক্ত সমস্যা সমাধানে আশু ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের বিষয়ে যত শীঘ্র সম্ভব পূর্ব মেদিনীপুরের কোলাঘাট সহ ক্ষতিগ্রস্ত সমস্ত ব্লক এলাকা মন্ত্রী মহোদয় যাতে পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেন সেই দাবী জানানো হয়েছে স্মারকলিপিতে।
দাবীগুলির মধ্যে অন্যতম হলো ১) কেলেঘাই-কাঁসাই-চন্ডীয়া-রূপনারায়ন নদী ও সোয়াদিঘী-দেহাটী-গঙ্গাখালি-পায়রাটুঙি-দেনান-জয়গোপাল-পুঁটিমারি খাল সহ যে যে নদী ও খাল সংস্কারের ওয়ার্ক অর্ডারের পরিপ্রেক্ষিতে কাজ চলছিল বর্ষা শেষ হওয়ার সাথে সাথেই সেই কাজের গতি বাড়িয়ে দ্রুত শেষ, বাগুই নদীর সংস্কার ও পূর্বদিকের উম্মুক্ত পাড় উচু করে শক্তপোক্তকরন,আগামী বর্ষার পূর্বে কেলেঘাই-এর লাঙ্গলকাটার কাছের সংকীর্ণ অংশকে চওড়াকরন।
এক্ষেত্রে নদী ও বড় খালগুলি,নো কস্ট পদ্ধতির পরিবর্তে পূর্বের পদ্ধতিতেই নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কার ২) কোলাঘাটের চাপদা-গাজই,খড়িচক,হলদিয়া মহকুমা এলাকার শ্রীধরপুর-এড়িয়াখালি-কলাগেছিয়া-হোড়খালি এবং এগরা ও কাঁথি মহকুমার সিংদা-প্রতাপদিঘী, পানিনালা,কুঁদি-ছত্রি,বেতা-পানিপারুল প্রভৃতি নিকাশী খালগুলি আগামী বর্ষার পূর্বে পূর্ণ সংস্কার। শিল্পনগরী হলদিয়ার গ্রীন বেল্ট ক্যানেল অবিলম্বে সংস্কার করে ওই খালে শিল্প কারখানার বর্জ্য দূষিত জল ফেলানো বন্ধ ৩) দেহাটি,দেনান,খড়িচক,হোড়খালি প্রভৃতি লকগেটগুলি তোলা ফেলার জন্য আগামী বর্ষার পূর্বে বৈদ্যুতিকরন ৪) দেনান-দেহাটি জলনিকাশী প্রকল্প,বারচৌকা ও বাগুই বেসিন প্রকল্প সহ জেলার সমস্ত নিকাশী প্রকল্প অবিলম্বে পূর্ণাঙ্গ রূপায়ণ ৫) সিংদা-প্রতাপদিঘী ক্যানেলের কেটে দেওয়া অংশ তৎপরতার সাথে অবিলম্বে মেরামত প্রভৃতি।
মন্ত্রী মহোদয় দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

No comments