কাঁথি ও এগরা মহকুমার জলবন্দী এলাকার দ্রুত জল নিষ্কাশন সহ ঐ সমস্যার সমাধানে ৭ দফা দাবীতে কাঁথির সেচ দপ্তরে বন্যা প্রতিরোধ কমিটির স্মারকলিপিসংবাদদাতা - নারায়ণ চন্দ্র নায়ক : পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ও এগরা মহকুমার জলবন্দী এলাকা…
কাঁথি ও এগরা মহকুমার জলবন্দী এলাকার দ্রুত জল নিষ্কাশন সহ ঐ সমস্যার সমাধানে ৭ দফা দাবীতে কাঁথির সেচ দপ্তরে বন্যা প্রতিরোধ কমিটির স্মারকলিপি
সংবাদদাতা - নারায়ণ চন্দ্র নায়ক : পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ও এগরা মহকুমার জলবন্দী এলাকার দ্রুত জল নিষ্কাশন ও ঐ সমস্যার স্থায়ী সমাধানে ৭ দফা দাবীতে আজ কাঁথির সেচ দপ্তরে পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙণ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে স্মারকলিপি পেশ করা হয়। প্রতিনিধিদলে ছিলেন-কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, সভাপতি উৎপল প্রধান, সহ-সভাপতি অশোক তরু প্রধান, সদস্য নিশিকান্ত বর্মন প্রমূখ।
নারায়ণ চন্দ্র নায়ক বলেন,দুই মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ কেলেঘাই নদী সংস্কার না হওয়ায় এবং নদীর ভেতরে অবৈধ নির্মাণ ও ইটভাটাগুলি অপসারণ না করার কারনে চলতি বছরের বর্ষায় কাঁথি ও এগরা মহকুমায় সেই অর্থে বন্যা না হলেও জলবন্দী পরিস্থিতির ফলে প্রায় সব ব্লকগুলির অধিকাংশ এলাকা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে বাগুই নদী সংস্কার না হওয়া ও পূর্বদিকের পাড় উন্মুক্ত থাকার কারণে পটাশপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে। বারচৌকা বেসিন ডুবে গেছে এবং ২৮ টি গ্রাম জলবন্দী হয়েছে। সিংদা-প্রতাপদিঘী ক্যানেল কাটিয়ে দেওয়ার ফলে ঐ বেসিন এলাকা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেলেঘাইয়ের লাঙলকাটার কাছে বোতলের মুখের মতো সরু হয়ে যাওয়া অংশ প্রশস্থ করা সহ কেলেঘাইকে পূর্ণ সংস্কার না করলে পটাশপুর ও ভগবানপুর ব্লককে ফি বছরের বন্যার কবল থেকে মুক্ত করা যাবে না। আশ্চর্যের বিষয়-প্রায় এক বছরেরও বেশি সময় ধরে কেলেঘাই নদী সংস্কারে হাত দেওয়া হলেও এখনো নদীর এক কিলোমিটার অংশও পূর্ণ সংস্কার হয়নি। বন্যা প্রতিরোধ কমিটির অভিমত- নো কস্ট পদ্ধতিতে নির্দিষ্ট সময়ের মধ্যে সেচ দপ্তরের সিডিউল অনুসারে ওই নদী সংস্কারের কাজ করা সম্ভব নয়।
দাবীগুলি হল-১) জরুরী ভিত্তিতে জলবন্দী এলাকার জল নিষ্কাশন ২) বাগুই নদীর সংস্কার ও পূর্বদিকের উম্মুক্ত পাড় উচু করে শক্তপোক্তকরন ৩) আগামী বর্ষার পূর্বে কেলেঘাই-এর লাঙ্গলকাটার কাছে সংকীর্ণ অংশকে চওড়া করে কাটা ও কেলেঘাইকে পূর্ণ সংস্কার এবং নদী ও খাল কাটার ক্ষেত্রে নো কস্ট পদ্ধতি বাতিল করে সেচ দপ্তরের পূর্বের পদ্ধতিতেই নদী সংস্কার ৪) বারচৌকা ও দুবদা বেসিন সহ পুঁটিমারী খালকে অবিলম্বে সংস্কার ৫) সিংদা-প্রতাপদিঘী,পানিনালা,কুঁদি-ছত্রি, বেতা-পানিপারুল সহ গুরুত্বপূর্ণ ক্যানেলগুলি পূর্ণ সংস্কার ৬) সিংদা-প্রতাপদিঘী ক্যানেলের কেটে দেওয়া অংশ তৎপরতার সঙ্গে মেরামত ৭) যে সমস্ত নিকাশী খালগুলিতে জমে থাকা কচুরিপানা তোলার জন্য ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে সেই কাজ দ্রুত শেষ প্রভৃতি।
একজিকিউটিভ ইঞ্জিনিয়ার দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

No comments