ব্যর্থতা ও সাফল্যের ঠিকানা একই — আশিস কুমার পণ্ডা
সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল হেরেছেন কে? নোভাক জোকোভিচ। সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন কে? নোভাক জোকোভিচ।এনবিএ ইতিহাসে সবচেয়ে বেশি শট মিস করেছেন কে? লেব্রন জেমস। …
ব্যর্থতা ও সাফল্যের ঠিকানা একই — আশিস কুমার পণ্ডা
সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল হেরেছেন কে? নোভাক জোকোভিচ। সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন কে? নোভাক জোকোভিচ।
এনবিএ ইতিহাসে সবচেয়ে বেশি শট মিস করেছেন কে? লেব্রন জেমস। সবচেয়ে বেশি পয়েন্ট করেছেন কে? লেব্রন জেমস।
অসংখ্য পেনাল্টি মিস করেছেন কে? ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোল করেছেন কে? ক্রিস্টিয়ানো রোনালদো।
মজার ব্যাপার হলো, সবচেয়ে বড় বিজয়ী এবং সবচেয়ে বড় ব্যর্থদের নাম প্রায়ই একই তালিকায় দেখা যায়।
এটা কোন কাকতালীয় ঘটনা নয়।
যখন সবকিছু প্ল্যানমতো হয়, তখন মস্তিষ্ক প্রায় কিছুই শেখে না। মস্তিষ্ক শেখে তখনই, যখন ‘যা ভেবেছি’ আর ‘যা হলো’—এই দুটোর মধ্যে ফাঁক তৈরি হয়।
ধরুন, একজন বাস্কেটবল প্লেয়ার শট নিল। সে ভাবল বলটা বাস্কেটে ঢুকবে। কিন্তু ঢুকল না। ঠিক সেই মুহূর্তে মস্তিষ্ক ভুলটা বিশ্লেষণ করতে শুরু করে:
কোণ-টা কি ভুল ছিল?
বলটা কি বেশি জোরে ছোঁড়া হয়েছিল?
নাকি সময়টা ঠিক ছিল না?
প্রত্যাশিত ফলাফল এবং বাস্তব ফলাফলের এই পার্থক্যই শেখার জন্য মূল্যবান তথ্য হয়ে ওঠে। মস্তিষ্ক সেই তথ্য ব্যবহার করে পরবর্তী প্রচেষ্টাকে আরও ভালো করে।
এই যে ‘আশা’ আর ‘বাস্তব’-এর ফাঁক—এটাই শেখার আসল কাঁচামাল। বিজ্ঞানীরা একে বলেন ‘prediction error’। যখন যা ভাবি তাই হয়, মস্তিষ্ক বলে, “নতুন কিছু নেই, শেখার দরকার নেই।” কিন্তু যখন ভাবনার সাথে বাস্তব মেলে না, মস্তিষ্ক সজাগ হয়। ভুল শুধরে নতুন করে শেখে।
কিন্তু অনেক মানুষ ঝুঁকি নিতে ভয় পান। তারা ব্যর্থ হতে চান না, সমালোচিত হতে চান না, অন্যদের সামনে ভুল প্রমাণিত হতে চান না। তাই তারা নিরাপদ পথ বেছে নেন।
ফলাফল?
তাদের জীবনে কোন ফাঁক তৈরি হয় না। আর ফাঁক না থাকলে শেখাও হয় না।
অন্যদিকে, বিশ্বের সেরা সফল মানুষরা বিষয়টিকে ভিন্নভাবে দেখেন। তারা জানেন, দক্ষতা আসে সংশোধনের মাধ্যমে। তাই তারা বেশি চেষ্টা করেন, আর সেই কারণেই বেশি ব্যর্থও হন।
একটি মিস করা শট প্রমাণ করে না যে তুমি অযোগ্য। এটি প্রমাণ করে যে তুমি মাঠে নেমেছ।
তাই ব্যর্থতাকে ভয় পেও না। ভয় পাও চেষ্টা না করাকে। ভয় পাও এমন একটি জীবনকে, যেখানে কোন ভুল নেই, কারণ সেখানে শেখাও নেই, উন্নতিও নেই।
মনে রেখো—
ব্যর্থতা ও সাফল্যের ঠিকানা একই। দুজনেই থাকে খেলার মাঠে, কর্মক্ষেত্রে, পরীক্ষার হলে, ব্যবসার জগতে—সেই অঙ্গনে যেখানে মানুষ চেষ্টা করে। যে মাঠে নামে না, সে হারেও না। কিন্তু সে জিততেও পারে না।
তাই শট নাও। মিস করো। শেখো। আবার শট নাও।
কারণ জীবনে সবচেয়ে বেশি অর্জন করে তারাই, যারা সবচেয়ে বেশি ব্যর্থ হতে রাজি থাকে।

No comments