কোলাঘাট ব্লকের ১০ টি গ্রাম দু'মাস জলবন্দী।জলবন্দীদের দুর্ভোগ চরমে ভুক্তভোগীদের সভা থেকে বিডিও অফিস অভিযানের ডাক।সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: কোলাঘাট ব্লকের দীর্ঘদিনের জলবন্দী পরিস্থিতি মোকাবিলায় অতি সত্বর জরুরী ভিত্তিতে দ…
কোলাঘাট ব্লকের ১০ টি গ্রাম দু'মাস জলবন্দী।জলবন্দীদের দুর্ভোগ চরমে
ভুক্তভোগীদের সভা থেকে বিডিও অফিস অভিযানের ডাক।
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: কোলাঘাট ব্লকের দীর্ঘদিনের জলবন্দী পরিস্থিতি মোকাবিলায় অতি সত্বর জরুরী ভিত্তিতে দেনান-দেহাটি জলনিকাশী প্রকল্পের পূর্ণাঙ্গ রূপায়ণ, ক্ষতিগ্রস্ত কৃষকদের অবিলম্বে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান সহ বিভিন্ন দাবীতে কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ১৪ ই সেপ্টেম্বর কোলাঘাট বিডিও অফিস অভিযানের ডাক দেওয়া হয়েছে। আজ সেই মর্মে সেচ দপ্তরের এসডিও, বিডিও ও কৃষি দপ্তরে চিঠি দিয়ে জানিয়েছে পরিষদ। ওই কর্মসূচির প্রস্তুতিতে আজ সিদ্ধা-১ গ্রাম পঞ্চায়েতের উত্তর জিঞাদা পড়িয়া পাড়ায় এলাকার জলবন্দী ভুক্তভোগী মানুষজনদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোপাল সামন্ত। সভায় বক্তব্য রাখেন পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক,সহ-সভাপতি প্রতাপ সামন্ত প্রমূখ। সভায় উপরোক্ত বিষয় ছাড়াও জলনিকাশী অবরুদ্ধ করে বেআইনি মাছের ঝিল তৈরির কারণে জলবন্দী পরিস্থিতি আরো প্রকট হচ্ছে বলে সভায় উপস্থিত ভুক্তভোগীরা দাবী করেন। নারায়ণবাবু জানান,উত্তর জিঞাদা-শ্রীধরবসান-দেউলবাড়- বাঁকাডাঙ্গা-গোবিন্দচক-পরমানন্দপুর-কয়াআয়মাচক-কয়াডাঙ্গী সহ দশটি গ্রাম গত জুলাই মাস থেকে জলবন্দী রয়েছে। গ্রামীণ রাস্তাগুলিতে হাঁটু সমান জল। ওই পরিপ্রেক্ষিতে কয়েকটি গ্রামের ছাত্র-ছাত্রীদের স্কুলে যাতায়াত বন্ধ।
সভার উদ্যোক্তা পরিষদের সিদ্ধা-১ আঞ্চলিক কমিটির সম্পাদক গোবিন্দ পড়িয়া উপস্থিত সবাইকে কোলাঘাট বিডিও অফিসে গণডেপুটেশনের কর্মসূচিতে যোগদানের আহ্বান জানান।

No comments