‘খালি পেয়ালার সূত্র (Empty cup rule)’: আশিস কুমার পণ্ডা
একজন অত্যন্ত শিক্ষিত অধ্যাপক একদিন এক বিখ্যাত জেন গুরু’র কাছে গেলেন ‘আত্মজ্ঞান’-এর রহস্য বুঝতে। অধ্যাপক নিজের জ্ঞান নিয়ে খুবই গর্বিত ছিলেন। সেখানে পৌঁছেই তিনি অবিরাম কথা বলতে…
‘খালি পেয়ালার সূত্র (Empty cup rule)’: আশিস কুমার পণ্ডা
একজন অত্যন্ত শিক্ষিত অধ্যাপক একদিন এক বিখ্যাত জেন গুরু’র কাছে গেলেন ‘আত্মজ্ঞান’-এর রহস্য বুঝতে। অধ্যাপক নিজের জ্ঞান নিয়ে খুবই গর্বিত ছিলেন। সেখানে পৌঁছেই তিনি অবিরাম কথা বলতে শুরু করলেন। কখনও তিনি দার্শনিকদের উদ্ধৃতি দিচ্ছেন, কখনও পণ্ডিতদের মতামত বলছেন, কখনও আবার জীবন সম্পর্কে নিজের ধারণা ব্যাখ্যা করছেন।
জেন গুরু শান্তভাবে সব শুনছিলেন।
কিছুক্ষণ পরে তিনি অধ্যাপককে চা খাওয়ার আমন্ত্রণ জানালেন। দু’জনে বসতেই গুরু ধীরে ধীরে পেয়ালার মধ্যে চা ঢালতে শুরু করলেন। পেয়ালা ভরে গেল। কিন্তু তিনি চা ঢালতেই থাকলেন। চা উপচে টেবিলে পড়ল। তারপর মেঝেতেও গড়িয়ে গেল।
অধ্যাপক আর নিজেকে সামলাতে না পেরে বলে উঠলেন—“থামুন! পেয়ালা তো ভরে গেছে। আরও চা ঢাললে তো উপচে পড়বেই!”
জেন গুরু মৃদু হেসে বললেন—“একটা ভর্তি পেয়ালা শুধু তার ভেতরে যা আছে, সেটুকুই ধরে রাখতে পারে। কিন্তু একটু খালি জায়গা থাকা পেয়ালা নতুন কিছু গ্রহণ করতে পারে। নতুন স্বাদ, নতুন রং, নতুন অনুভূতি চিনতে পারে। ঠিক তেমনই, আপনার মন এখন এতটাই ভরা যে সেখানে নতুন কিছু শিক্ষা নেওয়ার জায়গাই নেই। আপনি পেয়ালাটা একটু খালি না করলে আমি আপনাকে নতুন কিছু কীভাবে শেখাব?”
এই ছোট্ট ঘটনার মধ্যেই লুকিয়ে আছে জীবনের এক গভীর শিক্ষা—“খালি পেয়ালার সূত্র”।
এই সূত্র খুবই সহজ— অনেক মানুষের মন যেন একেবারে ভরা একটি পেয়ালার মতো। অতীতের সাফল্য, দৃঢ় মতামত, বিশ্বাস এবং সবসময় ঠিক হওয়ার দীর্ঘ অভিজ্ঞতায়—সেই পেয়ালা এতটাই ভরা থাকে যে সেখানে নতুন কিছু শেখার জায়গাই থাকে না। এই জিনিসগুলোই একসময় তাকে সফলতার পথে এগিয়ে দিলেও পরবর্তীকালে এগুলোই তাকে ধীরে ধীরে নিজের চিন্তার মধ্যেই বন্দি করে নেয়। জীবন থেকে নতুনত্ব হারিয়ে যায়। শেখা থেমে যায়। কৌতূহল শুকিয়ে যায়। আর পৃথিবীটা ধীরে ধীরে ছোট মনে হতে শুরু করে।
একটা বিষয় লক্ষ্য করুন—সত্যিকারের জ্ঞানী মানুষরা খুব কমই অহংকারী হন। তারা যত বেশি শেখেন, তত বেশি বুঝতে পারেন—“আমার এখনও অনেক কিছু শেখার বাকি।”
এই কারণেই বড় বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যান। বড় শিক্ষকরা পড়াশোনা চালিয়ে যান। বড় শিল্পীরা নতুন নতুন পরীক্ষা করে যান। আর সত্যিকারের সফল মানুষ কখনও শেখা বন্ধ করেন না। কারণ তারা জানেন—যেদিন শেখা থেমে যায়, সেদিন থেকেই উন্নতিও থেমে যায়।
আজকের পৃথিবীতে “খালি পেয়ালা” হওয়ার অর্থ কী?: —
আজকের দ্রুতগতির পৃথিবীতে আমাদের মন সবসময় ভরা থাকে। তথ্যের বন্যায় আমরা ভাসতে থাকি। তাই ভালো করে না শুনেই মতামত তৈরি করি; উদ্দেশ্যহীনভাবে তর্ক করি।
“পেয়ালা খালি করা” মানে জ্ঞানকে উপেক্ষা করা নয়—নিজের ভেতরে একটু নীরবতা আর জায়গা তৈরি করা; রাগের মুহূর্তে একটু থেমে যাওয়া; বাধা না দিয়ে অন্যের কথা শোনা; নিজের ভুল হওয়ার সম্ভাবনা মেনে নেওয়া; শেখার সময় অহংকারকে সরিয়ে রাখা; মনের ভেতরের অযথা শব্দগুলোকে শান্ত করা।
এই ছোট ছোট অভ্যাসগুলোই মানুষকে পরিষ্কারভাবে ভাবতে শেখায়। মানসিক শান্তি দেয়। প্রজ্ঞা বাড়ায়।
মনে রাখবেন—
নিজের পেয়ালাটাকে একটু খালি রাখা দুর্বলতার লক্ষণ নয়, বরং মানসিক পরিপক্বতার পরিচয়। কারণ যে মানুষ স্বীকার করতে পারে—“আমার এখনও শেখার বাকি আছে”, সেই মানুষই সত্যিকারের বড় হওয়ার পথে এগিয়ে যায়।
নতুন কিছু শেখার জন্য যেমন জ্ঞান প্রয়োজন, তেমনই প্রয়োজন বিনয়। আর এই বিনয়ই মানুষকে অহংকার থেকে দূরে রাখে, মনকে সতেজ রাখে, এবং সারাজীবন তাকে শেখার, বদলানোর ও আরও ভালো মানুষ হয়ে ওঠার শক্তি দেয়।

No comments