সোনাপাদার ঐতিহ্যবাহী শীতলা ও মনসামাতার পূজা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ নম্বর ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের সোনাপাদা গ্রামে প্রাচীন ও ঐতিহ্যবাহী শীতলা ও মনসামাতার পূজার্চনার শুভ সূচনা …
সোনাপাদার ঐতিহ্যবাহী শীতলা ও মনসামাতার পূজা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা
পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ নম্বর ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের সোনাপাদা গ্রামে প্রাচীন ও ঐতিহ্যবাহী শীতলা ও মনসামাতার পূজার্চনার শুভ সূচনা হল শনিবার রাতে। সোনাপাদা রয়েল স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে।
এদিন শঙ্খধ্বনি, কীর্তন, বাদ্যযন্ত্রের সুর এবং ভক্তদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে সমগ্র এলাকা। এই পুজোকে কেন্দ্র করে নারী-পুরুষ, যুবক-যুবতী থেকে শুরু করে শিশুদেরও ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী। তিনি ফিতা কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। তাঁর উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি করে।
আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর এই ঐতিহ্যবাহী পূজা পাঁচ বছরে পদার্পণ করেছে। সেই উপলক্ষে সাতদিন ধরে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও অনুষ্ঠিত হবে অষ্টম প্রহর হরিনাম সংকীর্তন, অন্নমহোৎসব এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা।
প্রতি বছরের মতো এবারও এই অনুষ্ঠানকে ঘিরে সোনাপাদা কার্যত এক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত, দর্শনার্থী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি সামাজিক সম্প্রীতির এক অনন্য নজির হয়ে উঠেছে এই উৎসব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সভাপতি রিন্টু মাইতি, সম্পাদক অরবিন্দ মাইতি, কোষাধ্যক্ষ ঋত্বিক জানা, শশাঙ্ক মাইতি, মৃত্যুঞ্জয় মাইতি, আশীষ দাস, গৌতম পাল, রুপক মিশ্র, আশীষ মহাপাত্র, সুজিত দাস, স্বরুপ দাস, সুকুমার পতি, বিপুল রায়, অশোক খাটুয়া, রতন জানা, বিজয় মাইতি, স্বপন রাউৎ, প্রফুল্ল মাইতি-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অসংখ্য ভক্তবৃন্দ।
ধর্মীয় আচার, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে নেগুয়ার এই ঐতিহ্যবাহী পূজা আগামী কয়েকদিন ধরে এলাকাবাসীর অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে বলে অনেকেই মনে করছেন।

No comments