আবর্জনার ট্রাক: আশিস কুমার পণ্ডা
একদিন সকালে এক বৃদ্ধ ব্যক্তি ট্যাক্সি করে বিমানবন্দরে যাচ্ছিলেন। অফিসের ভিড় তখনও শুরু হয়নি, রাস্তাঘাট ছিল অস্বাভাবিক শান্ত, যানজটও প্রায় ছিল না। ট্যাক্সিটা ধীরে-সুস্থে এগিয়ে চলছিল।হঠাৎ একটি কালো গা…
আবর্জনার ট্রাক: আশিস কুমার পণ্ডা
একদিন সকালে এক বৃদ্ধ ব্যক্তি ট্যাক্সি করে বিমানবন্দরে যাচ্ছিলেন। অফিসের ভিড় তখনও শুরু হয়নি, রাস্তাঘাট ছিল অস্বাভাবিক শান্ত, যানজটও প্রায় ছিল না। ট্যাক্সিটা ধীরে-সুস্থে এগিয়ে চলছিল।
হঠাৎ একটি কালো গাড়ি পাশের রাস্তা থেকে প্রচণ্ড গতিতে বেরিয়ে এসে ট্যাক্সির ঠিক সামনে ঝাঁপিয়ে পড়লো। দু’জন চালকই জোরে ব্রেক কষলেন। টায়ারের বিকট শব্দে গাড়ি দুটো একে অপরের থেকে মাত্র কয়েক ইঞ্চির ব্যবধানে থেমে গেল। অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়িয়ে যাওয়া গেল—কোন ধাক্কা লাগল না, কোন ক্ষতি হলো না, কেউ আহত হলেন না।
বৃদ্ধ ভদ্রলোক ভীষণ ভয় পেয়ে গেলেন। কিন্তু তার থেকেও বেশি অবাক হলেন পরের ঘটনাটা দেখে।
কালো গাড়ির চালক রাগে ফুঁসতে ফুঁসতে গাড়ি থেকে নেমে এসে ট্যাক্সি ড্রাইভারকে চিৎকার করে গালাগাল দিতে শুরু করল। অথচ ভুলটা ছিল সম্পূর্ণ তারই।
ট্যাক্সির ড্রাইভার একেবারে নিশ্চুপ; তিনি তার গাড়ি বন্ধ করলেন না বা কালো গাড়ির চালকের সঙ্গে তর্কাতর্কিতেও জড়ালেন না! বরং এয়ার কন্ডিশনারের তাপমাত্রা আরও কমিয়ে, গানের আওয়াজ বাড়িয়ে, তিনি তার পছন্দের গান শুনতে ব্যস্ত রইলেন। আরও কিছুক্ষণ উঁচু স্বরে গালিগালাজ করে, মুখ লাল করে, কালো গাড়ির চালক তার গাড়িতে ফিরে গিয়ে গাড়ি চালু করে নিজের রাস্তা ধরলেন। গাড়িটি চলে যাওয়ার সময়, ট্যাক্সির ড্রাইভার তার দিকে হাসিমুখে তাকিয়ে হাত নাড়লেন এবং শুভ কামনা জানালেন। তিনি এমন আচরণ করলেন যেন তিনি কালো গাড়ির ড্রাইভারের ঘনিষ্ঠ বন্ধু এবং তার চিৎকার তিনি বেশ উপভোগ করেছেন।
বৃদ্ধ ব্যক্তিটি ট্যাক্সি ড্রাইভারকে অস্বাভাবিক রকমের শান্ত থাকতে দেখে অবাক হয়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, "আপনি ওই গাড়ির চালককে কোন উত্তর দিলেন না কেন? আপনার তো কোন দোষ ছিল না, তবুও উনি আপনাকে গালাগালি করে গেলেন! তারই দোষে এক দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল! একটু হলেই তো আমরা হাসপাতালে চলে যেতাম!”
ট্যাক্সি ড্রাইভার হেসে বললেন, “স্যার, ছেড়ে দিন। লোকটা খুব রেগে ছিল। আমি যদি পাল্টা ঝগড়া করতাম, তাহলে দু’জনেরই ক্ষতি হতো।”
এই ছোট্ট ঘটনাটার মধ্যেই লুকিয়ে আছে জীবনের গভীর এক শিক্ষা।
আমেরিকার মনোবিজ্ঞানী ডেভিড জে. পোলে (David J. Pollay) এই ধারণাটির নাম দিয়েছেন— ‘আবর্জনার ট্রাকের তত্ত্ব’ (The Law of Garbage Trucks)। এই তত্ত্ব অনুযায়ী, অনেক মানুষ যেন এক একটা আবর্জনা বোঝাই ট্রাকের মতো। তারা নিজেদের ভেতরে রাগ, হতাশা, ভয়, দুশ্চিন্তা আর নেতিবাচকতা জমাতে থাকেন। আর যখন সেই মানসিক আবর্জনা বেশি হয়ে যায়, তখন তারা তা ফেলে দেওয়ার জন্য জায়গা খোঁজেন। আর আপনি যদি সুযোগ দেন, তবে তারা সেই আবর্জনা আপনার উপরই ঢেলে দেবেন। তাই কেউ যদি আপনার উপর নিজের নেতিবাচকতা চাপিয়ে দিতে চান, তখন সেটিকে ব্যক্তিগতভাবে নেবেন না। শুধু হাসুন, হাত নেড়ে শুভেচ্ছা জানান, এবং নিজের পথে এগিয়ে যান।
আমাদের জীবনেও এমন মানুষের অভাব নেই—রাগী ড্রাইভার, অভদ্র সহকর্মী, ঝগড়াটে প্রতিবেশী, অহংকারী বস, বা এমন কেউ যার নিজের দিনটাই খারাপ যাচ্ছে। তাদের আচরণ আমাদের রাগিয়ে দিতে পারে, কষ্ট দিতে পারে, বা মানসিক শান্তি নষ্ট করতে পারে।
কিন্তু আসল শিক্ষা হলো—
সব নেতিবাচকতার উত্তর দিতে হবে না।
সব অপমানের জবাব দিতে হবে না।
সব তর্কে জেতাও জরুরি নয়।
বুদ্ধিমান মানুষ জানেন কীভাবে নিজের মানসিক শান্তিকে রক্ষা করতে হয়। তারা অপ্রয়োজনীয় রাগ, তর্ক আর তিক্ততায় শক্তি নষ্ট করেন না। বরং তারা মনোযোগ দেন নিজের কাজ, লক্ষ্য, সম্পর্ক আর সুখের দিকে।
জীবন অনেক হালকা হয়ে যায়, যখন আমরা অন্যের মানসিক আবর্জনা নিজের মনে জমতে দিই না।
মনে রাখবেন—
সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয়, যে সবসময় পাল্টা আঘাত করে।
সবচেয়ে শক্তিশালী মানুষ সে, যে প্রয়োজন হলে শান্ত থাকতে পারে।
কখনও কখনও, জীবনের সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো—
হেসে ছেড়ে দেওয়া, শান্ত থাকা, আর সামনে এগিয়ে যাওয়া।

No comments