মূল্যবোধের সেঞ্চুরি – সচিন তেন্ডুলকর : আশিস কুমার পণ্ডাক্রিকেটের মাঠে যাকে আমরা ‘ভগবান’ বলি, সেই সচিন রমেশ তেন্ডুলকরের গল্পটা শুধু ব্যাট-বলের নয়। এ গল্প চরিত্রের, আত্মসংযমের, আর মূল্যবোধকে আঁকড়ে ধরে বেঁচে থাকার গল্প।সময়টা ১৯৮৯। ম…
মূল্যবোধের সেঞ্চুরি – সচিন তেন্ডুলকর : আশিস কুমার পণ্ডা
ক্রিকেটের মাঠে যাকে আমরা ‘ভগবান’ বলি, সেই সচিন রমেশ তেন্ডুলকরের গল্পটা শুধু ব্যাট-বলের নয়। এ গল্প চরিত্রের, আত্মসংযমের, আর মূল্যবোধকে আঁকড়ে ধরে বেঁচে থাকার গল্প।
সময়টা ১৯৮৯। মাত্র ষোলো বছরের সচিন ভারতের জার্সি গায়ে পাকিস্তানের মাটিতে নামল। বয়স কম, কিন্তু স্বপ্ন বিশাল। সফর শেষে, দেশে ফিরতেই, বাবা রমেশ তেন্ডুলকর ছেলের কাঁধে হাত রেখে বলেছিলেন, “বাবা, একদিন কোটি কোটি মানুষ তোমাকে দেখবে, তোমাকে অনুসরণ করবে। কথা দাও, যত টাকাই আসুক, তুমি কখনও তামাক আর মদের বিজ্ঞাপন করবে না।”
সচিন সেই কথাটা শুধু শুনেই থেমে যাননি। তিনি সারাজীবনের জন্য সেটাকে নিজের নীতিতে পরিণত করেছিলেন।
বছর গড়াল। সচিন হয়ে উঠলেন ‘মাস্টার ব্লাস্টার’। রান, রেকর্ড, খ্যাতি, অর্থ—সবই এল ঢেউয়ের মতো। ১৯৯৬ সালের বিশ্বকাপ। প্রধান স্পনসর ছিল ITC-র ‘Wills’ ব্র্যান্ড। মাঠজুড়ে সিগারেট কোম্পানির বিশাল বিজ্ঞাপন। অনেক খেলোয়াড়ের ব্যাটে কোম্পানির স্টিকার। কোটি কোটি টাকার চুক্তি।
কিন্তু সচিনের ব্যাট ছিল সম্পূর্ণ ফাঁকা।
প্রশ্ন উঠল, “এত বড় অঙ্কের টাকা ছেড়ে দিচ্ছেন কেন?” সচিন শান্তভাবে বলেছিলেন, “আমি বাবাকে কথা দিয়েছি। তামাকের বিজ্ঞাপনে আমি মুখ দেখাব না।“
এই উত্তরটাই তাঁকে অন্যদের থেকে আলাদা করে দেয়।
গল্প এখানেই শেষ নয়। ২০১০ সালে দেশের এক নামী মদ প্রস্তুতকারী সংস্থা—ইউবি গ্রুপ—সচিনকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য প্রায় ২০ কোটি টাকার প্রস্তাব দেয়। একটা বিজ্ঞাপন। একটা সই। আর বিপুল অর্থ। কিন্তু সচিন সরাসরি ‘না’ বলে দেন।
শুধু তাই নয়, আইপিএল-এর যুগে যখন মাঠজুড়ে তামাক ও মদের সারোগেট বিজ্ঞাপনের বন্যা, তখনও সচিন সচেতনভাবে এমন কোনও ব্র্যান্ডের প্রচারে মুখ দেখাননি, যাদের সঙ্গে নেশাজাতীয় পণ্যের সম্পর্ক রয়েছে।তিনি জানতেন—জনপ্রিয়তা শুধু উপভোগ করার জিনিস নয়, এটা একটা দায়িত্বও।
খেলার মাঠে তখন তাঁর চেয়ে বড় সেলিব্রিটি বিশ্ব ক্রিকেটে খুব কমই ছিলেন। চাইলে এক রাতেই কোটি কোটি টাকা আয় করতে পারতেন। কিন্তু তিনি কখনও নিজের জনপ্রিয়তাকে নেশার ব্যবসার হাতিয়ার হতে দেননি। কারণ তিনি জানতেন, গ্যালারিতে বসে থাকা কোটি কোটি শিশু-কিশোর তাঁকে দেখে স্বপ্ন দেখে। তাঁর মতো হতে চায়। তাঁর মতো ব্যাট ধরতে চায়। তাঁর মতো জীবন গড়তে চায়। একটা ভুল সিদ্ধান্ত হয়তো সেই স্বপ্নগুলোকেই ভুল পথে চালিত করতে পারত। তাই তিনি যেন নীরবে বলেছিলেন—“যারা আমাকে ‘সচিন, সচিন’ বলে ডাকছে, তাদের বিশ্বাস আমি ভাঙতে পারি না।”
আজকের দিনে দাঁড়িয়ে ভাবুন—
যেখানে অনেক তারকা শুধুমাত্র টাকার জন্য যে কোনও পণ্যের প্রচারে রাজি হয়ে যান, সেখানে এক মধ্যবিত্ত পরিবারের ছেলে নিজের শিকড় ভুলে যাননি। ভুলে যাননি বাবার শিক্ষা।
সচিনকে শুধু ‘ক্রিকেটের ভগবান’ বললে কম বলা হয়। তিনি মূল্যবোধেরও এক উজ্জ্বল প্রতীক। তামাক ও মদের বিজ্ঞাপন থেকে আজীবন দূরে থাকা এবং তাঁর পরিচ্ছন্ন জনভাবমূর্তির কারণে সচিন তেন্ডুলকর বিভিন্ন জনস্বাস্থ্য ও মৌখিক স্বাস্থ্য সচেতনতা অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৩ সালে মহারাষ্ট্র সরকার তাঁকে ‘স্বচ্ছ মুখ অভিযান’-এর “স্মাইল অ্যাম্বাসেডর” (Smile Ambassador) হিসেবে নিয়োগ করে। এই প্রচারাভিযানের মূল লক্ষ্য ছিল স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য থেকে মানুষকে দূরে থাকার বিষয়ে সচেতন করা। মানুষ সচিনকে বিশ্বাস করেছিল, তারা জানত—তিনি যা বলেন, তা বিশ্বাস করে নতুন প্রজন্ম।
সচিন আমাদের বুঝিয়ে দিয়েছেন—
আসল হিরো তাঁরাই, যারা প্রলোভনের সামনে মাথা নত করেন না। সমাজের প্রতি দায়বদ্ধতা, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ববোধ—এই গুণগুলোই একজন মানুষকে সত্যিকারের বড় করে তোলে। ব্যাটে সেঞ্চুরি অনেকেই করতে পারে। কিন্তু মূল্যবোধে সেঞ্চুরি করতে পারে খুব কম মানুষ। সচিন সেই সেঞ্চুরিটাই করে দেখিয়েছেন।
তিনি আমাদের শেখান—
সত্যিকারের বড় হওয়া মানে শুধু প্রচুর টাকা রোজগার করা নয়। বড় হওয়া মানে নিজের নীতিকে আঁকড়ে ধরে রাখা। প্রলোভনের সামনে মাথা নত না করা।
মনে রাখবে—
তোমাকে কেউ না কেউ দেখছে। কেউ শিখছে। কেউ স্বপ্ন দেখছে তোমাকে দেখে। ব্যাটে রানের রেকর্ড ভাঙা যায়, কিন্তু চরিত্রে দাগ লাগলে তা মোছা যায় না। চরিত্রের মহত্ত্ব মানুষকে অমর করে রাখে। চরিত্রহীন সাফল্য সাময়িক। কিন্তু মূল্যবোধ মানুষকে আজীবনের সম্মান এনে দেয়। তাই জীবনে যত বড়ই হও না কেন, নিজের নীতি, নিজের সততা, নিজের মানবিকতা কখনও বিক্রি কোর না।
কারণ শেষ পর্যন্ত, মানুষকে সত্যিকারের “হিরো” বানায় তার চরিত্র—শুধু তার সাফল্য নয়।

No comments