পূর্ব মেদিনীপুর জেলার এস ইউ সি আই (কমিউনিস্ট) প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান।
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: আসন্ন বিধানসভা নির্বাচনে মালিক শ্রেণীর সেবাদাস সাম্প্রদায়িক ও স্বৈরাচারী বিজেপি এবং চরম দুর্নীতিগ্রস্ত জনবিরোধী তৃণম…
পূর্ব মেদিনীপুর জেলার এস ইউ সি আই (কমিউনিস্ট) প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান।
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: আসন্ন বিধানসভা নির্বাচনে মালিক শ্রেণীর সেবাদাস সাম্প্রদায়িক ও স্বৈরাচারী বিজেপি এবং চরম দুর্নীতিগ্রস্ত জনবিরোধী তৃণমূলকে পরাস্ত করে শ্রমিক-কৃষক-সাধারণ মানুষের বাঁচার লড়াইকে এগিয়ে নিয়ে যেতে বিধানসভা এলাকার সার্বিক উন্নয়নের দাবীতে আন্দোলনের কন্ঠস্বরকে বিধানসভায় পৌঁছে দিতে পূর্ব মেদিনীপুর জেলার এস ইউ সি আই (কমিউনিস্ট) প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান।
আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার ১৬ টি আসনেই এস ইউ সি আই (কমিউনিস্ট) দল প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে জেলার উত্তর অংশের হলদিয়া ও তমলুক মহকুমার ৯ জন প্রার্থীর উপস্থিতিতে আজ তমলুকের রাজাবাজার দলীয় অফিসে দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আসন্ন নির্বাচনে এসইউসিআই (কমিউনিস্ট) প্রার্থীদের সমর্থন করার বিষয় নিয়ে দলের মূল বক্তব্য তুলে ধরেন,উত্তর সংগঠনিক কমিটির জেলা সম্পাদক প্রণব মাইতি। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক,জ্ঞানানন্দ রায়,মধুসূদন বেরা, প্রদীপ দাস,শীলা দাস,লেখা রায় প্রমূখ। উপস্থিত ছিলেন তমলুক ও হলদিয়া মহকুমার ৯ প্রার্থী অরুণ জানা-তমলুক,আনন্দ বরন হান্ডা-পাঁশকুড়া পূর্ব, স্নেহলতা সাহু(প্রধান)-পাঁশকুড়া পশ্চিম, জগদীশ মাইতি-ময়না,সৌমিত্র পট্টনায়ক-নন্দকুমার,তপন কুমার মাইতি-মহিষাদল,শুভেন্দু শেখর দাস-হলদিয়া, বিমল কুমার মাইতি-নন্দীগ্রাম,রীতা ভৌমিক-চন্ডীপুর প্রমূখ।
প্রণব মাইতি তার বক্তব্যে বলেন,ভোটার তালিকার নিবিড় সংশোধন (এস.আই.আর.) এর নামে নাগরিকদের চূড়ান্ত হয়রানি করে বি.এল.ও. সহ শতাধিক মানুষের মৃত্যু ঘটিয়ে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকারকে অনিশ্চিত রেখে কেন্দ্রের বিজেপি সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন ঘোষণা করেছে।
কেন্দ্রীয় সরকার এবং রাজ্যে রাজ্যে বিজেপি'র সরকারের অধীনে শাসনে পাহাড় প্রমাণ দুর্নীতি আজ সর্বজনবিদিত। অথচ সেই বিজেপি আবার তাদের দুর্নীতিকে আড়াল করতে এ রাজ্যে তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব হয়েছে। যদিও এটা বাস্তব যে, এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বালি ও কয়লা চুরি,গরু পাচার,টেট কেলেঙ্কারি, শিক্ষক নিয়োগে দুর্নীতি সহ সীমাহীন দুর্নীতির পাঁকে নিমজ্জিত। মদ ও মাদকদ্রব্যের ব্যাপক প্রসার,নারী নির্যাতন,বেকার সমস্যা বৃদ্ধিতেও এ রাজ্য এগিয়ে চলেছে। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার ও তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত জনসাধারণের ঘাড়ে চাপিয়ে দিয়ে চলেছে। আবার এগুলি থেকে মানুষকে বিভ্রান্ত করতে ধর্মীয় উন্মাদনা, সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির হীন প্রচেষ্টা বিজেপি নিয়েছে। তৃণমূল কংগ্রেসও তার সঙ্গে পাল্লা দিয়ে মন্দির তৈরি করে হিন্দুত্ববাদী রাজনীতির প্রতিযোগিতায় নেমেছে।
অন্যদিকে আমাদের দল গরীব-মধ্যবিত্ত-নিম্নবিত্ত-খেটে খাওয়া মানুষ সহ কৃষক-শ্রমিকের স্বার্থ রক্ষাকারী দল। আমরা সারা বছর উপরোক্ত শ্রেণীর মানুষের বিভিন্ন দাবীতে আন্দোলন করে থাকি। আমরা এ জেলার মহিষাদলে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন, জেলার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ ও জলনিকাশী সমস্যার সমাধান,তমলুক-পাঁশকুড়া-ভোগপুর সহ গুরুত্বপূর্ণ রেলক্রসিংগুলিতে ফ্লাইওভার নির্মাণ, ফুল ও পানের গবেষণাগার নির্মাণ ও জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, শিক্ষায় অগ্রণী এই জেলায় মদ ও মাদকদ্রব্যের প্রসার বন্ধ,হলদিয়া শিল্পাঞ্চল সহ জেলার বিভিন্ন স্থানে বন্ধ থাকা কলকারখানা চালু করে কর্মসংস্থান,জেলা-মহকুমা-ব্লক হাসপাতাল সহ সমস্ত গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন এবং বিধানসভা কেন্দ্রিক বিভিন্ন স্থানীয় দাবীতে আমরা লাগাতার আন্দোলনে আছি।
সেই আন্দোলনগুলির কন্ঠস্বর বিধানসভার অভ্যন্তরে পৌঁছে দিতে দলের বিশ্বস্ত সৈনিক বা সাথীদের আসন্ন নির্বাচনে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি।

No comments