ভ্যালেন্টাইন সপ্তাহের শুরুতেই গোলাপের দাম আকাশছোঁয়া সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : ভ্যালেন্টাইন সপ্তাহের আজ শুরু। চলবে ১৪ ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রেমিক-প্রেমিকাদের ভালোবাসা বিনিময়ের জন্য সারা রাজ্যে এই সপ্তাহে প্রায় এক কোট…
ভ্যালেন্টাইন সপ্তাহের শুরুতেই গোলাপের দাম আকাশছোঁয়া
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : ভ্যালেন্টাইন সপ্তাহের আজ শুরু। চলবে ১৪ ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রেমিক-প্রেমিকাদের ভালোবাসা বিনিময়ের জন্য সারা রাজ্যে এই সপ্তাহে প্রায় এক কোটি গোলাপের চাহিদা থাকে। স্বভাবতই এই চাহিদা মেটানোর জন্য কয়েকদিন আগে থেকে হিমঘরে গোলাপ মজুত করতে হয়। এবছর গোলাপের চাষের ক্ষেত্রে বিশেষ কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হওয়ায় গোলাপের ফলন ভালো হয়েছে। এছাড়াও দীর্ঘদিন বন্ধ থাকা রাজ্যের একমাত্র সরকারি ফুলের হিমঘর পাঁশকুড়াতে ওই গোলাপ ফুল মজুত করা হয়েছে। আজ ভ্যালেন্টাইন সপ্তাহের শুরুতেই রাজ্যের পাইকারি ফুলবাজারগুলিতে গোলাপের দাম ছিল আকাশছোঁয়া।
সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র নায়ক বলেন, কলকাতার মল্লিকঘাট ফুলবাজার সহ পূর্ব মেদিনীপুরের দেউলিয়া, কোলাঘাট প্রভৃতি বিভিন্ন জেলার পাইকারি বাজারগুলিতে আজ ব্যাঙ্গালোরের সাদা রঙের গোলাপ বিক্রি হয়েছে ৫০ টাকা প্রতি পিস। অন্যান্য রংয়ের গোলাপ বিক্রি হয়েছে, ৪০ থেকে ৪৫ টাকা প্রতি পিস। অন্যদিকে পুনের গোলাপ বিক্রি হয়েছে ৩৫ টাকা প্রতি পিস। পাশাপাশি আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের মিনিপল ভ্যারাইটির সাদা গোলাপ ২৪ থেকে ২৫ টাকা,লাল গোলাপ ১২ থেকে ১৪ টাকা ,পিঙ্ক রঙের গোলাপ ১৪ থেকে ১৬ টাকা, ম্যাটগোল্ড ভ্যারাইটির গোলাপ ১৫ টাকা পিস করে বিক্রি হয়েছে। স্বভাবতই খুচরো বাজারগুলিতে ওই দামের থেকে প্রতি পিস গোলাপ অন্তত তিন/চার থেকে পাঁচ টাকা বেশি দরে বিক্রি হবে।
নারায়নবাবু জানান,কয়েক বছর আগে পর্যন্ত এই রাজ্যের উৎপাদিত গোলাপই সেই চাহিদা মেটাতো। বর্তমানে সেই গোলাপের বাজার অনেকটাই দখল করে ফেলেছে-ব্যাঙ্গালোর ও পুনের গোলাপ। ভিন রাজ্যের ওই গোলাপের ডাঁটা ১৪ থেকে ১৫ সেন্টিমিটার এবং আমাদের রাজ্যের গোলাপের সাইজের প্রায় তিন থেকে চারগুণ বড়। সর্বোপরি আমাদের রাজ্যের ওই গোলাপের থেকে ভিনরাজ্যের ওই গোলাপ অনেক বেশি সময় টেকসই থাকে। অন্তত ডাঁটা জলে ডুবিয়ে রাখলে ১০ থেকে ১৫ দিন প্রায় একই রকম থাকে। সেখানে আমাদের রাজ্যের গোলাপ তিন থেকে চার দিন মোটামুটি সতেজ থাকে।

No comments