কোলাঘাটে পানীয় জল প্রকল্প এলাকায় পর্যাপ্ত জল সরবরাহ সহ সুষ্ঠু পরিষেবার দাবীতে পি.এইচ.ই দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নিকট স্মারকলিপি ব্লক জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের।সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পূর্ব মেদিনীপুর জ…
কোলাঘাটে পানীয় জল প্রকল্প এলাকায় পর্যাপ্ত জল সরবরাহ সহ সুষ্ঠু পরিষেবার দাবীতে পি.এইচ.ই দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নিকট স্মারকলিপি ব্লক জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের।
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক:
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের পানীয় জল প্রকল্প এলাকায় পর্যাপ্ত জল সরবরাহ সহ সুষ্ঠু পরিষেবা সংক্রান্ত ৬ দফা দাবীতে কোলাঘাট ব্লক জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের পক্ষ থেকে আজ পি.এইচ.ই দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নিকট স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের কার্যকরী সভাপতি নারায়ণ চন্দ্র নায়ক স্মারকলিপিতে অভিযোগ করেন,জেলার কোলাঘাট পি.এইচ.ই. প্রকল্পের পাইপ লাইন ব্লকের সমস্ত গ্রামে পৌঁছালেও এখনো বেশ কিছু গ্রামের অনেক অধিবাসীর ঘরে পানীয় জল পৌঁছায়নি। শুধু তাই নয়,এখনো কয়েকটি এলাকা/পাড়া রয়েছে,সেই জায়গাগুলিতে এখনো পাইপলাইনও পৌঁছায়নি। যেখানে ট্যাপ বসানো হয়েছে,সেখানে দিন দুবার জল দেওয়ার কথা থাকলেও অনেক জায়গায় একবার,তাও যে নির্দিষ্ট সময়ে যে সময় ধরে জল দেওয়ার কথা,তাও পাওয়া হচ্ছে না। এছাড়াও জলের ফোর্স না থাকায় গ্রামের প্রত্যন্ত অংশে ঠিকমতো জল পৌঁছাচ্ছে না। মাঝেমধ্যে এক দুদিন জলও আসে না,কোন কোন এলাকায়। ফলস্বরূপ অনেক গ্রামবাসী পানীয় জলের সুষ্ঠু পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। গ্রীষ্মের মরশুমের শুরুতেই বিভিন্ন গ্রামের পাড়ার শেষ প্রান্তগুলিতে ইতিমধ্যে পানীয় জলের সংকট দেখা দিয়েছে।
নারায়নবাবু জানান,ওই পরিপেক্ষিতে আজ নিম্নোক্ত ছয় দফা দাবী সম্বলিত স্মারকলিপি দপ্তরের জেলা আধিকারিকের নিকট তুলে ধরা হয়েছে।
ওই স্মারকলিপির কপি ব্লকের বিডিও কেও দেওয়া হয়েছে।
দাবীগুলি হল-১) যে সমস্ত গ্রাম বা পাড়াগুলিতে জলের ট্যাপ বসানো হয়েছে,তাদের প্রত্যহ নিয়মিত দুবেলা অন্তত তিন ঘন্টা করে জল সরবরাহ সুনিশ্চিত এবং সময় নির্দিষ্ট করে তা ঘোষণা অনুযায়ী জল সরবরাহের বন্দোবস্ত ২) পাইপলাইন ক্ষতিগ্রস্ত হলে তৎক্ষণাৎ ওই পাইপ লাইন মেরামতের বন্দোবস্ত ৩) যারা ওই প্রকল্পের জল অন্যভাবে ব্যবহার করছে,তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সহ সচেতনতা গড়ে তুলতে ব্লক জুড়ে মাইকিং এর বন্দোবস্ত ৪) যে পাড়াগুলিতে এখনো পিএইচ ই'র পাইপলাইন যায়নি,সেই স্থানগুলি চিহ্নিত করে অন্য কোনভাবে প্রয়োজনের সাবমারসিবল বসিয়ে জল দেওয়ার ব্যবস্থা ৫) পানীয় জল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত জুনিয়র ইঞ্জিনিয়ারকে ব্লকেই নির্দিষ্ট দিনে বসার বন্দোবস্ত ৬) এই সংক্রান্ত বিষয়ে গ্রাহকদের অভিযোগ গ্রহণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একটি নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগের ব্যবস্থা প্রভৃতি।

No comments