তমলুক মহকুমার বিভিন্ন নিকাশী খাল সংস্কার সহ বন্যা প্রতিরোধের দাবীতে জেলা সেচ ও প্রশাসনিক দপ্তরে বন্যা প্রতিরোধ কমিটির ডেপুটেশন ও স্মারকলিপি পেশসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙ্গন প্রতিরোধ কমিটির পক্…
তমলুক মহকুমার বিভিন্ন নিকাশী খাল সংস্কার সহ বন্যা প্রতিরোধের দাবীতে জেলা সেচ ও প্রশাসনিক দপ্তরে বন্যা প্রতিরোধ কমিটির ডেপুটেশন ও স্মারকলিপি পেশ
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙ্গন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে আজ বিকেলে সেচ দপ্তরের তমলুকের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, জেলা ও মহকুমা শাসক দপ্তরে ডেপুটেশন ও স্মারকলিপি পেশ করা হয়। তমলুক মহকুমার সোয়াদিঘী-গঙ্গাখালি-দেনান-কামিনা-টোপা-জয়গোপাল সহ যে সমস্ত নিকাশী খালগুলি সংস্কার বর্ষার পূর্বে সংস্কার চলছিল,সেচ দপ্তরের সিডিউল অনুসারে সেই সংস্কার কাজ পুনরায় শুরু করে কাজের গতি বাড়িয়ে আগামী বর্ষার পূর্বে শেষ সহ "দেনান-দেহাটী জলনিকাশী প্রকল্পে"র পূর্নাঙ্গ রূপায়ন, নিউ কাঁসাইয়ের ময়নার রামচন্দ্রপুর থেকে পাঁশকুড়ার শ্যামপুর পর্যন্ত অংশ পূর্নাঙ্গরূপে সংস্কার, রূপনারায়ণের জশাড় থেকে দেনান পর্যন্ত অংশটিও পূর্ণ সংস্কার প্রভৃতি ১১ দফা দাবীতে ওই ডেপুটেশন ও স্মারকলিপি পেশ কর্মসূচি হয়। ডেপুটেশনের প্রতিনিধিদলে ছিলেন যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক,সহ সভাপতি মধুসূদন বেরা,নিবাস মানিক সহ-সম্পাদক প্রশান্ত সামন্ত প্রমূখ।
অন্যান্য দাবীগুলির হল- জঁফুলি,চাপদা-গাজই,খড়িচক,নোয়াবেনিয়া সহ যে সমস্ত খাল সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়া এখনো শুরু হয়নি,অবিলম্বে সেই কাজগুলির জন্য স্কীম তৈরি করে টেন্ডার প্রক্রিয়া শুরু,খাল সংস্কারের কাজ শুরুর পূর্বে সেচ দপ্তরের পূর্নাঙ্গ জায়গা মার্কিং সহ খালের ভেতরে যে সমস্ত গাছ আছে,দ্রুত কেটে নেওয়ার বন্দোবস্ত, সংস্কারের কাজ শুরুর পূর্বে সেচ দপ্তরের কাটিং চার্ট অনুসারে খাল কাটা কতটা হবে,তা মার্কিং এবং খালের ভেতরে যে সমস্ত অবৈধ কাঠামো সংস্কার কাজে বাধা সৃষ্টি করবে,তা সরানোর বন্দোবস্ত,
খাল সংস্কারের মাটি থেকে বাঁধ শক্তপোক্ত করার জন্য প্রয়োজনীয় মাটি রেখে বাকি মাটি বিক্রির অনুমতি প্রদান, দেহাটি খালের পানশিলায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ব্রীজ নির্মাণের সময় থামের চারদিকে যে বেড়ি দিয়েছিল,যা বর্তমানে জলনিকাশিতে বাধা সৃষ্টি করছে,খাল সংস্কারের সময়ই তা অপসারণ, দেউলিয়া-বরদাবাড়-জিঞাদা-সিদ্ধা সহ বিভিন্ন বাজারগুলিতে নিকাশী খালে আবর্জনা ফেলানো বন্ধ,
সোয়াদিঘী-গঙ্গাখালি-দেহাটি সহ যে সমস্ত লকগেটগুলি তোলা-ফেলার জন্য বৈদ্যুতিকরণের অনুমতি পেয়েছে,অবিলম্বে সেই কাজ শুরু করে আগামী বর্ষার পূর্বে শেষ, বিভিন্ন নিকাশী খালের উপরে যে স্থানগুলিতে কংক্রিটের ব্রীজ নির্মাণ কাজ চলছে, দ্রুত সেই ব্রীজ নির্মাণের কাজ শেষ,খাল সংস্কারের কাজ সুষ্ঠুভাবে রূপায়ণের স্বার্থে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক তদারকি কমিটি গঠন প্রভৃতি। সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার,তমলুকের এস ডি ও (ইরিগেশন),মহকুমা শাসক, জেলা শাসকের পক্ষে জেলা পরিষদের সচিব স্মারকলিপি গ্রহণ করেন।
আধিকারিকবৃন্দ দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

No comments