Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ট্রেন, বাস থেকে নামিয়ে মারধর, অপহরণের ঘটনা বাড়ছে!

ট্রেন, বাস থেকে নামিয়ে মারধর, অপহরণের ঘটনা বাড়ছে!
হলদিয়া হলদিয়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে বুধবার রাতে তিন জন রেলকর্মীকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পশহরে। রাত সাড়ে ১১টা নাগাদ ওই তিন রেলকর্মী যখন খাবারের খোঁজে বেরিয়েছিলেন, সে…

 



ট্রেন, বাস থেকে নামিয়ে মারধর, অপহরণের ঘটনা বাড়ছে!


হলদিয়া হলদিয়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে বুধবার রাতে তিন জন রেলকর্মীকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পশহরে। রাত সাড়ে ১১টা নাগাদ ওই তিন রেলকর্মী যখন খাবারের খোঁজে বেরিয়েছিলেন, সেইসময় ফিল্মি কায়দায় তাঁদের অপহরণ করা হয় বলে অভিযোগ। একটি সাদা রঙের গাড়ি এসে তাঁদের সামনে হঠাৎ দাঁড়িয়ে পড়ে ভয় দেখিয়ে গাড়িতে তুলে চম্পট দেয়। এরপর দুর্গাচকের গোপন ডেরায় নিয়ে গিয়ে মারধর করে বলে অভিযোগ। ওই রেল কর্মীদের একজন কোনওমতে পালিয়ে হলদিয়া থানার নম্বর যোগাড় করে পুলিশে খবর দেয়। শেষমেস হলদিয়া ও দুর্গাচক দুই থানার তৎপরতায় অপহৃত রেল কর্মীরা উদ্ধার হয়। পুলিশ অপহরণের ঘটনায় জড়িত দু'জনকে রাতেই গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই দুষ্কৃতীর নাম শেখ মহম্মদ ও সইফুল খান। প্রথমজনের বাড়ি দুর্গাচকের রঘুনাথচকে এবং দ্বিতীয়জনের বাড়ি পাথরবেড়িয়ায়।  ধৃতদের হলদিয়া আদালতে তোলা হলে বিচারক ৪দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। হলদিয়ার এসডিপিও অরিন্দম অধিকারী বলেন, একটি অপহরণের অভিযোগ হয়েছে। তার ভিত্তিতে মামলা শুরু করেছে পুলিশ। দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে। পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। জানা গিয়েছে, বুধবার রাত ১১টা নাগাদ দিল্লির আনন্দবিহার-হলদিয়া এক্সপ্রেস হলদিয়া স্টেশনে পৌঁছয়। এরপর ট্রেনের কয়েকজন কোচ অ্যাটেনডেন্ট খাবারের খোঁজে কিছুদুরে দোকানে যান। ওই কোচ অ্যাটেনডেন্টরা রেলের অস্থায়ী কর্মী। খাবারের খোঁজ করার সময়ই তিন জন কোচ অ্যাটেনডেন্টকে অপহরণ করা হয় বলে অভিযোগ। অপহৃতদের সহকর্মী রাজা মাথুর ওইসময় কোনওক্রমে পালিয়ে দোকানের আড়ালে লুকিয়ে পড়েন। পরে তিনি হলদিয়া থানায় ফোন করে পুলিশকে জানান। হলদিয়া থানা যোগাযোগ করে দুর্গাচক থানার সঙ্গে। রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ দুর্গাচক থানার বালারমোড় এলাকা থেকে তিনজনকে উদ্ধার করে হলদিয়া থানার পুলিশ। ধরা পড়ে দুই দুষ্কৃতী এবং একটি সাদা চারচাকা গাড়ি বাজেয়াপ্ত হয়েছে। জানা গিয়েছে, বালারমোড় এলাকাতে অপহৃত তিনজনকে গাড়ি থেকে নামানোর সময় পুলিশ পাকড়াও করে দুষ্কৃতীদের। স্থানীয়দের ধারণা, ট্রেনে আসার সময় ধৃতদের কোন পরিচিত বা ধৃতদের কেউ একজন ট্রেনে সফর করছিল। রেলযাত্রার সময় কোনও বিষয় নিয়ে বচসার জেরে আক্রোশবশত এমন ঘটনা ঘটতে পারে। কোচ এটেনডেন্টদের সাথে ধৃতদের পরিচিত বা ধৃতদের কোন একজনের সঙ্গে বচসা হতে পারে বলে মনে করা হচ্ছে। এরপরই রেলের কর্মীদের 'শিক্ষা' দিতে ট্রেন থেকে খবর দেওয়া হয় পরিচিতদের। তারপরই অপহরণ করার পরিকল্পনা নিয়ে কেউ গাড়ি নিয়ে চলে আসে স্টেশন সংলগ্ন এলাকায়। স্থানীয়রা বলেন, কয়েকদিন আগে ঠিক একই ঘটনা ঘটেছিল হলদিয়াগামী দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার সরকারি বাসে। বচসার জেরে সরকারি বাসের কন্ডাক্টরকে বাস থেকে নামিয়ে মেরে তাঁর আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে এক যাত্রী ও তার পরিবারের বিরুদ্ধে। হলদিয়ার দেভোগ এলাকার ওই ঘটনায় পুলিশ দু'জনকে গ্রেপ্তার করেছিল। হলদিয়ায় একের পর এক এধরনের ঘটনায় শিল্পশহরের নিরাপত্তা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।

No comments