Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গুগল ম্যাপস এবং ভুল রাস্তা — আশিস কুমার পণ্ডা

গুগল ম্যাপস এবং ভুল রাস্তা — আশিস কুমার পণ্ডা
এক সন্ধ্যায় আমি এক বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম। সেই প্রথমবার তার বাড়িতে যাওয়া। শহরের ওই অংশে আগে কখনও যাইনি। রাস্তাঘাট সব অচেনা, মোড়গুলো অপরিচিত। সন্ধ্যা ধীরে ধীরে রাতের অন্ধকারে ডুবে…

 



গুগল ম্যাপস এবং ভুল রাস্তা — আশিস কুমার পণ্ডা


এক সন্ধ্যায় আমি এক বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম। সেই প্রথমবার তার বাড়িতে যাওয়া। শহরের ওই অংশে আগে কখনও যাইনি। রাস্তাঘাট সব অচেনা, মোড়গুলো অপরিচিত। সন্ধ্যা ধীরে ধীরে রাতের অন্ধকারে ডুবে যাচ্ছিল।

আমার একমাত্র ভরসা ছিল গুগল ম্যাপস।

প্রথম তিরিশ মিনিট সব ঠিকঠাক চলছিল। তারপর গুগল ম্যাপসের শান্ত গলায় নির্দেশ এল, “২০০ মিটার পরে ডান দিকে ঘুরুন।” কিন্তু রাস্তার ভিড় আর গাড়ির চাপে আমি সেই মোড়টি দেখতে পেলাম না। ভুল করে ডান দিকে না ঘুরে বাঁ দিকের রাস্তায় চলে গেলাম। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম, আমি ভুল পথে চলে এসেছি।

মনে বিরক্তি তৈরি হল। এখন কি আবার অনেকটা পথ ফিরে যেতে হবে? নাকি ঘুরে অন্য রাস্তা ধরতে হবে? নাকি কাউকে জিজ্ঞেস করতে হবে?

ঠিক তখনই একটা সুন্দর ঘটনা ঘটল।

গুগল ম্যাপস আমাকে বকাঝকা করল না। এমনও বলল না, “তুমি ভুল করেছ। এবার নিজের রাস্তা নিজেই খুঁজে নাও।” সে শুধু একটু থামল, তারপর নতুন করে রাস্তা খুঁজে নিয়ে একই শান্ত গলায় বলল, “পরের ইউ-টার্ন নিয়ে বাঁ দিকে ঘুরুন।”

আমি সেই নতুন রাস্তা ধরেই এগোলাম, আরও কয়েকটা বাঁক ঘুরে অবশেষে গন্তব্যে পৌঁছালাম। বন্ধুর দরজায় দাঁড়িয়ে মনে হল, গন্তব্যে পৌঁছানোর চেয়েও এই যাত্রাটা আমাকে অনেক বড় একটা শিক্ষা দিয়ে গেল।

জীবনটাও কি ঠিক এই রকম নয়?

আমরা জীবনে নানা রকম লক্ষ্য ঠিক করি — একটি ভালো চাকরি, সুন্দর সম্পর্ক, স্বপ্নের কাজ কিংবা নিজের পছন্দের জীবন। আমরা নিজেদের মতো করে একটি পথ তৈরি করি এবং এগিয়ে চলি। কিন্তু চলতে চলতে মাঝপথে কোথাও ভুল হয়ে যায়। ভুল বিষয় বেছে নিই, ভুল মানুষকে বিশ্বাস করি, পরীক্ষায় ফেল করি, চাকরি হারাই, ভুল জায়গায় টাকা লাগাই। আর তখনই মনে হয়, আমরা যেন পথ হারিয়ে ফেলেছি। ব্যর্থতার অন্ধকারে বসে আমরা ভাবতে শুরু করি, “সব শেষ। সামনে আর কোনও রাস্তা নেই।”

কিন্তু আমরা একটা সত্যি ভুলে যাই —

রাস্তা দেখতে না পাওয়া আর রাস্তা না থাকা — দুটো এক জিনিস নয়।

তোমার সমস্যার অন্ধকারে তুমি হয়তো সামনে এগোনোর পথ দেখতে পাচ্ছ না। কিন্তু তার মানে এই নয় যে পথটি হারিয়ে গেছে।

তাহলে জীবনকে আমরা গুগল ম্যাপসের মতো করে ভাবব না কেন?

তুমি যখন ভুল রাস্তা নাও, গুগল ম্যাপস কিন্তু ফেলে আসা রাস্তা নিয়ে আফসোস করে সময় নষ্ট করে না। তোমার ভুলের জন্য সে তোমাকে শাস্তি দেয় না, তোমাকে ছেড়ে চলে যায় না। সে শুধু দেখে তুমি এখন কোথায় আছ, আর সেখান থেকেই সামনে এগোনোর নতুন পথ খোঁজে।

জীবনও আমাদের কাছে ঠিক এই মনোভাবটাই চায়।

একটি পরিকল্পনা ব্যর্থ হলে নতুন পরিকল্পনা তৈরি করো। একটি দরজা বন্ধ হয়ে গেলে অন্য দরজার খোঁজ করো। তোমার বেছে নেওয়া পথ যদি কোথাও গিয়ে শেষ হয়ে যায়, তাহলে একটু থামো। নিজের ভুল থেকে শেখো, প্রয়োজনে অন্যের সাহায্য নাও এবং নতুন পথ বেছে নাও। মনে রেখো, ভুল রাস্তা তোমার কিছুটা সময় নষ্ট করতে পারে, কিন্তু তোমার ভবিষ্যৎ কেড়ে নিতে পারে না।

অতীতে তুমি কতবার ভুল রাস্তা নিয়েছ, সেটা বড় কথা নয়। তোমার গন্তব্যে পৌঁছানোর সম্ভাবনা ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকে, যতক্ষণ তুমি নিজে থেমে যাওয়ার সিদ্ধান্ত না নিচ্ছ।

মনে রেখো, গুগল ম্যাপের মতোই, জীবন কখনোই তোমাকে নতুন পথ দেখানো বন্ধ করে না। তুমি পথ দেখতে না পেলেও, পথ কখনো শেষ হয় না। সে কোথাও না কোথাও তোমার আশেপাশেই থাকে। তোমাকে শুধু তাকে নতুন করে পথ খুঁজতে দিতে হবে।


No comments