শিলাবতীর সাহেবঘাটে ভগ্ন কাঠের ব্রীজ দ্রুত সংস্কার ও অবিলম্বে ওই স্থানে নতুন কংক্রিটের ব্রীজ নির্মাণের দাবীতে সভা ও মিছিল ২০ নভেম্বর ঘাটালের এসডিও'র নিকট গন ডেপুটেশনের ডাকসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : শিলাবতীর ঘাটাল মহক…
শিলাবতীর সাহেবঘাটে ভগ্ন কাঠের ব্রীজ দ্রুত সংস্কার ও অবিলম্বে ওই স্থানে নতুন কংক্রিটের ব্রীজ নির্মাণের দাবীতে সভা ও মিছিল
২০ নভেম্বর ঘাটালের এসডিও'র নিকট গন ডেপুটেশনের ডাক
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : শিলাবতীর ঘাটাল মহকুমা এলাকার সাহেবঘাটে ভগ্ন কাঠের ব্রীজটি দ্রুত সংস্কার করে অবিলম্বে ওই স্থানে নতুন কংক্রিট ব্রীজ নির্মাণের দাবীতে আজ কালিচক-বাড়গোবিন্দ দেশপ্রাণ উচ্চ বিদ্যালয়ে সাহেবঘাট ব্রীজ নির্মাণ সংগ্রাম কমিটির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্থানীয় মানুষজন বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক মিছিলের কর্মসূচিতেও সামিল হন। মিছিলকারীদের দাবী অতি সত্বর সাহেব ঘাটের ওই ভগ্ন কাঠের ব্রীজটি সংস্কার করে পারাপারের সুব্যবস্থা করতে হবে। এবং পারাপারের জন্য দেয় ট্যাক্স কমাতে হবে। পাশাপাশি আর কোন টালবাহানা না করে ওই স্থানে কংক্রিটের ব্রীজ নির্মাণ করতে হবে। উপরোক্ত দাবীর পরিপ্রেক্ষিতে দুপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডাঃ বিকাশ চন্দ্র হাজরা। বক্তব্য রাখেন কমিটির যুগ্ম সম্পাদক কানাই লাল পাখিরা সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা থেকে ২০ নভেম্বর ঘাটালের এসডিও'র নিকট ওই দাবীতে গণ ডেপুটেশনেরও কর্মসূচি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়াও সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা তথা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক। নারায়নবাবু ওই ব্রীজ নির্মাণের দাবী কার্যকরের পাশাপাশি অতি সত্বর শিলাবতী নদীর নিম্নাংশ পূর্ণ সংস্কার সহ মাস্টার প্ল্যান এর অন্যান্য কাজগুলিও এ মাসেই শুরুর দাবী জানান। ওই দাবীতে আগামী ২০ শে নভেম্বর ঘাটালে ভুক্তভোগীদের গণ অবস্থান কর্মসূচিতেও এই এলাকার সর্বস্তরের জনসাধারণকে অংশগ্রহণ করবার আহ্বান জানান।
প্রসঙ্গত উল্লেখ্য, সাহেবঘাটের এই ব্রীজটি ঘাটাল ও দাসপুর ব্লকের বিস্তীর্ণ এলাকার মানুষজনদের যাতায়াতের একমাত্র ভরসা। শুধু তাই নয়,এই এলাকার প্রধান অর্থকরী ফসল সবজি এই ব্রীজ হয়ে অনেক কম সময়ে জেলার বিভিন্ন প্রান্ত শহর রাজ্যের বিভিন্ন জেলায় বিক্রির জন্য যায়।
কানাইবাবুর অভিযোগ,বাম সরকারের আমল থেকে ওই দাবীতে এলাকার বাসিন্দারা দলমত নির্বিশেষে ব্রীজ নির্মাণ কমিটির ব্যানারে আন্দোলন করার পরিপ্রেক্ষিতে একাধিকবার মাটি পরীক্ষা করা হলেও নানা অজুহাতে আজও এ বিষয়ে কোন কার্যকরী উদ্যোগ নেওয়া হয়নি। সম্প্রতি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে রাজ্যের সেচমন্ত্রীর সাথে কলকাতায় ডেপুটেশনের মাধ্যমে দেখা করলে উনি জানান,মাস্টার প্ল্যানের অন্তর্গত যে ব্রীজগুলি নতুন করে নির্মিত হবে,তার মধ্যে সাহেবঘাটের নাম উল্লেখ রয়েছে।
ঘাটালের বিডিও অফিস সূত্রে জানা গেছে,ব্রীজটি রক্ষণাবেক্ষণ ও পারাপার করবার জন্য ২০ শে নভেম্বর টেন্ডার আহ্বান করা হয়েছে।

No comments