বৃষ্টিকে উপেক্ষা করে মহামিছিল! অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ, হাজার হাজার মহিলার জমায়েত
অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার হে…
বৃষ্টিকে উপেক্ষা করে মহামিছিল! অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ, হাজার হাজার মহিলার জমায়েত
অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার হেঁড়িয়াতে আয়োজিত হল বিশাল মহামিছিল ও পথসভা। রবিবার বিকেলে খেজুরি-১ নম্বর ব্লকের তল্লা থেকে শুরু হয় এই পদযাত্রা। বৃষ্টিকে উপেক্ষা করেই কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে মিছিলে অংশ নেন অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া মহিলারা। তাঁদের সঙ্গে মিছিলে পা মেলান কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি তাপস দোলুই, জেলার সহ-সভাপতি মুনমুন দাস, বিজেপির খেজুরি-১ মন্ডলের সভাপতি অনল কুমার বর্মন, জেলা কমিটির সদস্য অরুনাভ সামন্ত ও সন্দীপ মন্ডল প্রমুখ।
তল্লা থেকে শুরু হওয়া এই মহামিছিল বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পৌঁছায় হেঁড়িয়া বাজারে। সেখানেই মিছিলের সমাপ্তি ঘটে। এরপর হেঁড়িয়া বাজার সংলগ্ন এলাকায় আয়োজন করা হয় এক বিশাল সভার। সভায় কয়েক হাজার বিজেপি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের জমায়েত হয় বলে আয়োজকদের দাবি।
এদিনের কর্মসূচিতে বিশেষভাবে নজর কাড়ে কয়েক হাজার মহিলাদের উপস্থিতি। আকাশ কালো করে বৃষ্টি নামলেও কর্মসূচি থেকে পিছিয়ে যাননি অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগী মহিলারা। বৃষ্টিকে উপেক্ষা করে হাতে হাত মিলিয়ে পদযাত্রায় অংশ নেন তাঁরা। অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আর্থিক সুবিধা পাওয়ার পর মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতেই এই পদযাত্রার আয়োজন বলে জানানো হয়।
মিছিল ও সভাকে ঘিরে খেজুরি-১ নম্বর ব্লকের হেঁড়িয়াতে তৈরি হয় উৎসবের আবহ। রাস্তার দু'পাশে সাধারণ মানুষের উপস্থিতিও চোখে পড়ে। বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি, বিপুল সংখ্যক মহিলা এই কর্মসূচিতে অংশ নেওয়ায় এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলায় রাজনৈতিকভাবেও এদিনের কর্মসূচি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি তাপস দোলুই বলেন, অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার যোগ্য কোনও মানুষ যেন বঞ্চিত না হন, সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তাঁদেরও আগামী দিনে এই সুবিধার আওতায় আনা হবে বলে আশ্বাস দেন তিনি।
এদিনের মহামিছিলকে কেন্দ্র করে হেঁড়িয়াতে বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বৃষ্টির মধ্যেও মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং কয়েক হাজার মানুষের জমায়েত ঘিরে গোটা এলাকায় ছিল চর্চার পরিবেশ।
সব মিলিয়ে অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগী মহিলাদের নিয়ে খেজুরি-১ নম্বর ব্লকে আয়োজিত এই মহামিছিল ও সভা রাজনৈতিক মহলেও যথেষ্ট নজর কেড়েছে।

No comments