নিউ ইয়র্ক শহরের ভাঙা জানালা— আশিস কুমার পণ্ডা
১৯৯০-এর দশকের শুরুতে নিউ ইয়র্ক শহর ছিল প্রায় নরক।রাস্তায় ময়লা, প্রকাশ্যে অপরাধ, খুন-ডাকাতি রোজকার ঘটনা। ১৯৯৩ সালে মেয়র হলেন রুডি জুলিয়ানি, আর পুলিশ কমিশনার হলেন উইলিয়াম ব্র্যাটন। সবাই…
নিউ ইয়র্ক শহরের ভাঙা জানালা— আশিস কুমার পণ্ডা
১৯৯০-এর দশকের শুরুতে নিউ ইয়র্ক শহর ছিল প্রায় নরক।
রাস্তায় ময়লা, প্রকাশ্যে অপরাধ, খুন-ডাকাতি রোজকার ঘটনা। ১৯৯৩ সালে মেয়র হলেন রুডি জুলিয়ানি, আর পুলিশ কমিশনার হলেন উইলিয়াম ব্র্যাটন। সবাই ভাবল এবার পুলিশ রাস্তায় নেমে বিরাট অভিযান চালাবে।
কিন্তু ওঁরা করলেন কিছু অদ্ভুত কাজ।
সবার আগে সাফ করলেন সাবওয়ে। বাস, ট্রেন, পাবলিক টয়লেট এর উপর আজে বাজে লেখা, ছবি, বিজ্ঞাপন—সব মুছে রঙ করে দেওয়া হল। একটা একটা করে ভাঙা জানালা বদলানো হলো, বাড়ির দেয়ালের দাগ মুছে ঝকঝকে করা হলো। ছোট ছোট অব্যবস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল।
লোকে হাসল, সমালোচনা করল।
“শহরে রোজ খুন হচ্ছে, আর আপনারা ভাঙ্গা জানালা ঠিক করাচ্ছেন?”
কিন্তু ব্র্যাটন জানতেন এক গভীর মনস্তত্ত্ব—“Broken Window Theory” বা “ভাঙা জানালার তত্ত্ব”। এই তত্ত্ব অনুযায়ী, একটা ভাঙা জানালা যদি দীর্ঘদিন মেরামত করা না হয়, সেটা জনতাকে একটা সংকেত দেয়: “এখানে কেউ দেখার নেই। নিয়মের কোন মূল্য নেই। এখানকার মান নিচু। যা খুশি করো।”
একটা ভাঙা জানালা আরও অনেক ভাঙা জানালাকে ডেকে আনে। ছোট অবহেলা বড় অপরাধের রাস্তা খুলে দেয়।
মেয়র আর পুলিশ কমিশনার সিগন্যালটা বদলে দিলেন।
পরিষ্কার শহর বলল, “এখানে নিয়ম আছে। এখানে যত্ন আছে। এখানে মান উঁচু।”
ফল? কয়েক বছরের মধ্যে নিউ ইয়র্কে সহিংস অপরাধ ৫৬% কমে গেল। আমেরিকার ইতিহাসে এটা অন্যতম বড় শহরের ঘুরে দাঁড়ানোর গল্প হয়ে রইল।
এই শিক্ষা শুধু একটি শহরের জন্য নয়, আমাদের ব্যক্তিগত জীবনেও সমানভাবে প্রযোজ্য।
আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু “ভাঙা জানালা” আছে। হয়তো অগোছালো ডেস্ক, অসমাপ্ত কাজ, অবহেলিত স্বাস্থ্য, কিংবা প্রতিদিন পিছিয়ে দেওয়া কোন গুরুত্বপূর্ণ লক্ষ্য। এগুলো আমাদের মস্তিষ্ককে নীরবে একটি সংকেত দেয়—এখানে মান নিচু। চলছে চলুক।”
আর মান যেখানে নিচু, সেখানে বড় স্বপ্ন বাঁচে না।
তাই, সিগন্যাল বদলান, জীবন বদলাবে। একটা “জানালা” দিয়ে শুরু করুন।
১. বিছানা গোছান, টেবিল গুছিয়ে ফেলুন, ৫ মিনিট হাঁটুন। ছোট জয় মস্তিষ্ককে বলে, “আমি দায়িত্বে আছি। আমার মানদণ্ড উঁচু।” এই বার্তাটা ছড়িয়ে পড়ে বাকি কাজে।
২. ছোট অবহেলা এখনই শুধরে নিন। অকেজো নল, পড়ে থাকা কাজ, অগোছালো মানিব্যাগ—এগুলো ‘ভাঙা জানালা’। একটা একটা করে ঠিক করুন। কারণ অবহেলা সংক্রামক, কিন্তু শৃঙ্খলাও সংক্রামক।
৩. মুড যেমনই হোক, মান উঁচু রাখুন। মন চাইছে না বলেই যদি মান নামিয়ে দেন, মস্তিষ্ক শিখে যায় নিচু মানই স্বাভাবিক। তাই ক্লান্ত দিনেও ন্যূনতম স্ট্যান্ডার্ড ধরে রাখুন। ১০টা পুশ-আপ, ১ পাতা পড়া, ১টা ধন্যবাদ মেসেজ—ছোট হলেও মান যেন না পড়ে।
৪. পরিবেশকে আপনার পক্ষে কাজ করান। পরিষ্কার ঘর, গোছানো ডেস্ক, সময়মতো ঘুম—এগুলো চুপচাপ বলে, “এখানে গুরুত্ব আছে।” আর গুরুত্ব যেখানে থাকে, সেখানে ফোকাস, আত্মবিশ্বাস, সাফল্য এসে ভিড় করে।
শেষ কথা
বড় পরিবর্তন বড় ঘোষণায় আসে না। আসে একটা ভাঙা জানালা সারানোর পথ ধরে। তাই, আজ আপনার জীবনের একটা ‘ভাঙা জানালা’ বেছে নিন। সেটা ঠিক করুন। কারণ মান বদলালে মন বদলায়। মন বদলালে দিক বদলায়। আর দিক বদলালে গোটা জীবন ঘুরে দাঁড়ায়।
নিউ ইয়র্ক পেরেছে একটা ভাঙ্গা জানালা দিয়ে। আপনি পারবেন একটা বিছানা দিয়ে, একটা অভ্যাস দিয়ে।
সিগন্যাল বদলান। নিজের স্ট্যান্ডার্ড তুলুন। কারণ ছোট জানালা ঠিক না করলে বড় দরজা কখনো খোলে না।

No comments