জনস্বার্থে স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর চক্রান্ত রুখতে বিদ্যুৎ গ্রাহকদের জেলা জুড়ে আন্দোলনের ডাক সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক : জনস্বার্থে স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বাতিল সহ সমস্ত লাগানো স্মা…
জনস্বার্থে স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর চক্রান্ত রুখতে বিদ্যুৎ গ্রাহকদের জেলা জুড়ে আন্দোলনের ডাক
সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক : জনস্বার্থে স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বাতিল সহ সমস্ত লাগানো স্মার্ট মিটার খুলে নেওয়া, ক্ষুদ্র শিল্পে মিনিমাম চার্জ প্রত্যাহার ও গৃহস্থে ২০০ ইউনিট পর্যন্ত এবং কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের দাবীতে বিদ্যুৎ গ্রাহকদের একমাত্র রেজিস্টার্ড সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)'র পূর্ব মেদিনীপুর জেলা কমিটি জেলা জুড়ে বৃহত্তম আন্দোলনের ডাক দিল। আগামী ২৩ শে জুন জেলার বিদ্যুৎ দপ্তরের প্রধান কার্যালয় তমলুকের বিজলী ভবন, মেছেদা-কাঁথি-এগরা-দেউলিয়া প্রভৃতি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সহ কাস্টমার কেয়ার সেন্টারগুলিতে সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকেরা প্রতিবাদ মিছিল করে নকল স্মার্ট মিটার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। এরপর জুন মাসের শেষ সপ্তাহে সমস্ত বিদ্যুৎ দপ্তরের অফিসে ডেপুটেশন কর্মসূচির মাধ্যমেও স্মারকলিপি দেবে সমিতি।
সংগঠনের জেলা নেতৃত্ব প্রদীপ দাস,নারায়ণ চন্দ্র নায়ক,শংকর মালাকার,সনাতন গিরি প্রমূখেরা জানান,সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশে রাজ্যের মুখ্য সচিব এক নির্দেশিকা জারি করে সরকারি কর্মচারী সহ সরকারি টাকা ভাতা হিসেবে যারা(অর্থাৎ শিক্ষক-অধ্যাপক-আশাকর্মী-এমনকি অন্নপূর্ণা ভাণ্ডার প্রাপকেরা)পান,সেই সমস্ত কর্মচারীদের বাড়িতেও প্রথম ধাপেই বাধ্যতামূলকভাবে ২ কোটি স্মার্ট মিটার লাগানোর বিষয়ে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে অ্যাবেকা'র পক্ষ থেকে ওই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। জেলা জুড়ে উপরোক্ত কর্মসূচিতে সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের সামিল হওয়ার জন্য সংগঠনের জেলা নেতৃত্ব নারায়ণ চন্দ্র নায়ক আহ্বান জানান।

No comments