তাবিজ দেওয়ার নামে প্রতারণা, এগরায় ভন্ড সাধুকে পুলিশের হাতে তুলে দিল জনতা
তাবিজ ও তন্ত্র-মন্ত্রের ভয় দেখিয়ে টাকা হাতানোর অভিযোগে দিল্লি নিবাসী দুই ভন্ড সাধুকে আটক করল পুলিশ। আজ দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের মঞ্জুশ্রী …
তাবিজ দেওয়ার নামে প্রতারণা, এগরায় ভন্ড সাধুকে পুলিশের হাতে তুলে দিল জনতা
তাবিজ ও তন্ত্র-মন্ত্রের ভয় দেখিয়ে টাকা হাতানোর অভিযোগে দিল্লি নিবাসী দুই ভন্ড সাধুকে আটক করল পুলিশ। আজ দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর নাগাদ গেরুয়া বস্ত্রধারী দুই ব্যক্তি মির্জাপুর গ্রামের বাড়ি বাড়ি ঘুরতে শুরু করে। তারা নিজেদের সাধু বলে পরিচয় দিয়ে স্থানীয় মহিলাদের নানা অলৌকিক ঘটনার ভয় দেখাতে থাকে। এরপর গ্রহের ফের কাটাবে এবং পারিবারিক সমস্যার সমাধান করবে বলে মহিলাদের তাবিজ ও কবচ দেওয়ার নাম করে মোটা টাকা দাবি করতে শুরু করে। সরল বিশ্বাসে এলাকার বহু মহিলাই তাঁদের ফাঁদে পা দিয়ে টাকা তুলে দেন বলে অভিযোগ। পরপর বেশ কয়েকটি বাড়ি থেকে একই কায়দায় টাকা তোলার পর, এলাকার কয়েকজন যুবকের মনে সন্দেহ জাগে। তাঁরা ওই দুই সাধুকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। কিন্তু তন্ত্র-মন্ত্র ও নিজেদের পরিচয় নিয়ে সাধুবেশী ওই দুই ব্যক্তি একেক সময় একেক রকম কথা বলতে থাকায় স্থানীয়দের সন্দেহ আরও তীব্র হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃতদের আসল বাড়ি দিল্লিতে। সাধুর ছদ্মবেশে তারা আসলে প্রতারণা চক্র চালাচ্ছিল।
প্রতারণার বিষয়টি পরিষ্কার হতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। দুই ভন্ড সাধুকে ঘিরে ধরে এলাকায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। এলাকাবাসী খবর দেন থানায়। ঘটনার খবর পেয়েই দ্রুত মির্জাপুর এলাকায় পৌঁছায় এগরা থানার পুলিশ বাহিনী। তারা উত্তেজিত জনতার হাত থেকে দুই ভন্ড সাধুকে উদ্ধার করে এবং আটক করে থানায় নিয়ে যায়। এলাকার মানুষকে এই ধরণের কোনও অলৌকিক ফাঁদে পা না দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

No comments