কাশীপুর প্রাথমিক বিদ্যালয়ে মহাসমারোহে উদযাপিত হলো আগমনী উৎসব ২০২৬ দেবীপক্ষের সূচনার সাথে সাথে সমগ্র দেশ যখন উৎসবের আমেজে মেতে উঠেছে, ঠিক তখনই পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা উত্তর চক্রের অন্তর্গত কাশীপুর প্রাথমিক বিদ্যালয়ে অত্যন্ত…
কাশীপুর প্রাথমিক বিদ্যালয়ে মহাসমারোহে উদযাপিত হলো আগমনী উৎসব ২০২৬
দেবীপক্ষের সূচনার সাথে সাথে সমগ্র দেশ যখন উৎসবের আমেজে মেতে উঠেছে, ঠিক তখনই পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা উত্তর চক্রের অন্তর্গত কাশীপুর প্রাথমিক বিদ্যালয়ে অত্যন্ত আনন্দ ও মহাসমারোহে পালিত হয়ে গেল 'আগমনী উৎসব ২০২৬'।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় সাম্য দাসের হাত ধরে এই উৎসবের শুভ সূচনা ঘটে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুতাহাটা উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক (SI of Schools) সম্মানীয় অরিন্দম চাউলা। এছাড়াও উক্ত চক্রের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে অন্যতম— সম্মানীয় নিখিল কুমার মণ্ডল, সম্মানীয় গোপীনাথ মণ্ডল, সম্মানীয় সুনন্দ সিংহ এবং সম্মাননীয়া বৈশাখী ভৌমিক।
একই সাথে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম শিক্ষা সমিতির সভাপতি মহাশয়, কাশীপুর গ্রামের পঞ্চায়েত সদস্য সম্মানীয় আশরাফুল হক, বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা এবং প্রায় ২৫০ জন ছাত্র-ছাত্রী ও অভিভাবক-অভিভাবিকাবৃন্দ। সাংস্কৃতিক পরিবেশন অনুষ্ঠানের শুরুতে জাতীয় গান 'বন্দে মাতরম' এবং উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে প্রদীপ জ্বালিয়ে উৎসবের শুভ সূচনা করা হয়। এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় উপস্থিত সকলের উদ্দেশ্যে একটি স্বাগত ভাষণ প্রদান করেন।
উদ্বোধনের পর একে একে বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের দ্বারা চমৎকার আলপনা, নৃত্য এবং আবৃত্তি পরিবেশিত হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল একটি আকর্ষণীয় 'আগমনী কুইজ'। অত্যন্ত দক্ষতার সাথে এই কুইজ প্রতিযোগিতাটি পরিচালনা করেন সবার পরিচিত কুইজ মাস্টার তথা উক্ত বিদ্যালয়েরই সহ-শিক্ষক সন্দীপন দাস।
অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে, সভার সভাপতি তথা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাম্য দাস উপস্থিত সমস্ত অতিথি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে উৎসবের সফল সমাপ্তি ঘোষণা করেন।

No comments